এ বছর দেশের সবচেয়ে উত্তরের জেলা দিনাজপুরের হিলিতে আগে ভাগেই শীত পড়তে শুরু করেছে। গত দুদিন ধরে অঞ্চলটিতে দেখা গেছে ঘন কুয়াশা। শীতের কারণে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। পাশাপাশি বাড়ছে শীতজনিত নানা রোগ।
আজ মঙ্গলবার সকাল থেকেই হিলির বিভিন্ন গ্রামে ঘন কুয়াশা দেখা গেছে। বেলা ১১টা পর্যন্ত সূর্য দেখা যায়নি। এ সময় হালকা বৃষ্টির মতো কুয়াশা ঝরেছে।
স্থানীয় অনেকেই জানান, বেলা পর্যন্ত কুয়াশা থাকায় ঘরের বাইরে বের হওয়া কষ্টসাধ্য হয়ে পড়েছে। গ্রামের রাস্তায় পুরু কুয়াশার কারণে দুই-তিন ফিট সামনে কী আছে তা দেখা যাচ্ছে না। শীতের শুরু থেকেই গ্রামের মানুষ জ্বর-সর্দি ও কাশিসহ শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে বলে জানা গেছে।
আবহাওয়া অধিদপ্তর দিনাজপুরের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, বায়ুমণ্ডলের উপরিভাগে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেছে। এ কারণে কুয়াশাও বেশি পড়ছে। আর সূর্যের আলো স্বাভাবিকের তুলনায় ২-৩ ঘণ্টা পরে পাওয়া যাচ্ছে। তিনি বলেন, আজকে দিনাজপুর অঞ্চলের তাপমাত্রা ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, যা দেশের মধ্যে সর্বনিম্ন। বাড়তি কুয়াশার মাত্রা আর একদিন থাকবে। এরপর শীতের মাত্রা ধীরে ধীরে বাড়বে।










