করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরও ১৭ জন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৫ জুন) সকাল ৯টা থেকে শনিবার (২৬ জুন) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে তারা মারা যান।

এদের মধ্যে আটজন করোনায় এবং নয়জন উপসর্গ নিয়ে মারা গেছেন। এই ১৭ জনের মধ্যে নয়জনেরই বাড়ি রাজশাহী জেলায়। এ ছাড়া চারজন চাঁপাইনবাবগঞ্জের, দুজন নওগাঁর এবং দুজন নাটোরের বাসিন্দা। করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছিলেন তারা।

এর আগে গত ২৪ জুন ১৮ জন প্রাণ হারান এই ইউনিটেৎ। এটিই ২৮ ঘণ্টায় করোনা ইউনিটে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে গত ৪ ও ২৩ জুন এই ইউনিটে ১৬ জন করে প্রাণ হারান। 

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে ১৭ জন মারা গেছেন। 

 তাদের মধ্যে সর্বোচ্চ ৪ জন মারা গেছেন হাসপাতালের ১ নম্বর ওয়ার্ডে। তিনজন করে প্রাণ হারিয়েছেন ৩, ১৬ ও ১৭ নম্বর ওয়ার্ডে। হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) মারা গেছেন একজন। এ ছাড়া ১৫, ২৫ ও ৩৯/৪০ নম্বর ওয়ার্ডে একজন করে মারা গেছেন। 

এই এক দিনে করোনা সংক্রমণে মারা গেছেন ৮ জন। তাদের মধ্যে ৪ জনই রাজশাহী জেলার বাসিন্দা। দুজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। এছাড়া একজন নাটোর ও একজন নওগাঁর বাসিন্দা।

একই দিনেই করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে হাসপাতালে মারা গেছেন আরও ৯ জন। তাদের মধ্যে ৫ জন রাজশাহীর, ২ জন চাঁপাইনবাবগঞ্জের এবং একজন করে নাটোর ও নওগাঁর জেলার বাসিন্দা। স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের পরামর্শ দেয়া হয়ছে।