আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারা দেশে ২৪ ঘণ্টা নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিন এ সিদ্ধান্ত কার্যকর হবে।
আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে নৌ-পরিবহন মন্ত্রণালয়কে এ নির্দেশনা বাস্তবায়নের অনুরোধ জানানো হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, ১১ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত লঞ্চ ও ইঞ্জিনচালিত বোটসহ বিভিন্ন নৌযান চলাচল বন্ধ থাকবে। তবে নির্দিষ্ট রুটে নিয়মিত চলাচলকারী নৌযানগুলো এ নিষেধাজ্ঞার বাইরে থাকতে পারে। রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, নির্বাচনী এজেন্ট এবং পরিচয়পত্রধারী দেশী-বিদেশী পর্যবেক্ষকরা নৌযান ব্যবহার করতে পারবেন।
নির্বাচনী সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত সাংবাদিক, নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ক্ষেত্রে এ নিয়ম শিথিল থাকবে। এছাড়া অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক ও টেলিযোগাযোগের মতো জরুরি সেবায় নিয়োজিত নৌযানগুলো চলাচলে কোনো বাধা থাকবে না। প্রধান নৌপথগুলোতে জরুরি পণ্য সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনে ব্যবস্থা নিতে পারবে।
কমিশন আরো জানিয়েছে, ভোটার ও জনসাধারণের চলাচলের একমাত্র মাধ্যম হিসেবে ব্যবহৃত নৌযান এবং দূরপাল্লার নৌযানগুলোর ওপর এ নিষেধাজ্ঞা কার্যকর হবে না। স্থানীয় বাস্তবতা ও প্রয়োজন বিবেচনা করে জেলা ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন পুলিশ কমিশনাররা চাইলে আরো কিছু নৌযানের ওপর নিষেধাজ্ঞা আরোপ বা শিথিল করতে পারবেন। সুষ্ঠুভাবে ভোটগ্রহণের পরিবেশ নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।














