বায়ুদূষণের তালিকায় ফের শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকা। ২৫৯ স্কোর নিয়ে তালিকার শীর্ষে উঠেছে এ শহর। অন্যদিকে, দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে মিশরের রাজধানী কায়রো ও ইরাকের বাগদাদ। এ দুই শহরের স্কোর যথাক্রমে ২৪১ ও ১৮৯।

আজ বুধবার সকাল ৬টায় বাতাসের এই পরিমাপ করা হয়। বাতাসের গুণমান সূচক (একিউআই) দিয়ে বায়ুদূষণের মাত্রা নির্ধারণ করা হয়েছে। বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এ লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।

ঢাকার বায়ু আজ অস্বাস্থ্যকর। এ বায়ু যেকোনো মানুষের জন্যই ক্ষতিকর। আজ ঢাকা ও আশপাশের যে তিন স্থানে দূষণ বেশি, এ স্থানগুলোর মধ্যে আছে ইস্টার্ন হাউজিং ২ (স্কোর ৩২৬), ঢাকার মার্কিন দূতাবাস ২৮৬ ও গুলশান-২–এর রব ভবন।

ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। আজ ঢাকার বাতাসে এর উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানমাত্রার চেয়ে ৩৬ শতাংশ বেশি।