বাগেরহাটের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে এইচএসসি পরীক্ষার্থীরা ফাইজার-বায়োএনটেকের কভিড-১৯ প্রতিরোধী টিকা নিতে পারবেন। আগামীকাল শনিবার থেকে এ কর্মসূচি শুরু হবে। 

জানা গেছে, আগামীকাল বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে আনুষ্ঠানিকভাবে এইচএসসি পরীক্ষার্থীদের টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হবে। ইতোমধ্যে সিভিল সার্জন কার্যালয়ে ২৩ হাজার ৪০০ টিকা পৌঁছেছে। জেলা সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগামীকাল থেকে জেলার সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এইচএসসি পরীক্ষার্থীদের ফাইজার-বায়োএনটেকের টিকা প্রদান কার্যক্রম শুরু হবে। অন্যান্য টিকা কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে।

বাগেরহাট সিভিল সার্জন কার্যালয় থেকে জানা গেছে, কভিড-১৯ প্রতিরোধী টিকা নিতে জেলায় এখন পর্যন্ত ৭ লাখ ৩৯ হাজার ৪৫২ জন নিবন্ধন করেছেন। এর মধ্যে ৬ লাখ ১৪ হাজার ৮৭৯ জন প্রথম ডোজ এবং ৩ লাখ ৮১ হাজার ৮৭২ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। 

গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ১০ লাখ ৪৪ হাজার ২০০ ডোজ সিনোফার্মের টিকা পেয়েছে সিভিল সার্জন কার্যালয়। এছাড়া কোভিশিল্ডের টিকা পাওয়া গেছে ৯৯ হাজার, অ্যাস্ট্রাজেনেকার ১৬ হাজার ৪০০ এবং ফাইজারের ২৩ হাজার ৪০০ ডোজ। 

বর্তমানে সিনোফার্মের ১ লাখ ৫৭ হাজার ৪২০ ডোজ এবং ফাইজারের ২৩ হাজার ৪০০ ডোজ টিকা মজুদ আছে বলে জানায় বাগেরহাট সিভিল সার্জন কার্যালয়।