এশিয়া কাপে আজ সুপার ফোরের আনুষ্ঠানিকতার ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ভারত এরই মধ্যে উঠে গেছে ফাইনালে। আর বাংলাদেশের ফাইনালে ওঠার কোনো সুযোগ নেই। কেননা গতকাল রাতেই শ্রীলংকা-পাকিস্তান ম্যাচ থেকে দ্বিতীয় ফাইনালিস্ট নির্ধারিত হয়। আজ বাংলাদেশ-ভারত ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ৩টা ৩০ মিনিটে।
ভারত টানা দুই ম্যাচে হারায় পাকিস্তান ও শ্রীলংকাকে। এতে তাদের ফাইনাল নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের বিদায়ও নিশ্চিত হয়। অন্যদিকে শ্রীলংকা ও পাকিস্তান উভয়ই বাংলাদেশকে হারিয়ে ২ পয়েন্ট সংগ্রহ করেছে। গতকাল ফাইনালের টিকিট কাটতে একে অন্যের মুখোমুখি হয়, যা দুই দলের জন্যই ছিল ‘নকআউট’ ম্যাচ।
আনুষ্ঠানিকতার ম্যাচ হলেও আজ ভারতকে হারাতে চায় বাংলাদেশ। গতকাল সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলনায়ক সাকিব আল হাসান বলেন, ‘আমরা চাইব, জেতার জন্য যতটা সম্ভব ভালো খেলা যায়। যদি শেষ ম্যাচ জিতে দেশে যেতে পারি অবশ্যই আমাদের জন্য ভালো দিক হবে। এই ম্যাচ থেকে অন্য কিছু চাই না। এই ম্যাচ থেকে শুধু জিততেই চাই।’
এশিয়া কাপে গতকাল শ্রীলংকা ও পাকিস্তানের সুপার ফোরের ম্যাচে হানা দেয় বৃষ্টি। ২ ঘণ্টা ১৫ মিনিট বিলম্বে শুরু হওয়া ম্যাচটি কেটে ৪৫ ওভারের করা হয়। ২৭.৪ ওভারের সময় আবার বৃষ্টিতে খেলা অনেকক্ষণ বন্ধ থাকায় ম্যাচটি ৪২ ওভারের করা হয়।
৯ রানের মাথায় ফখর জামানের উইকেট হারালেও মোহাম্মদ রিজওয়ান ও আব্দুল্লাহ শফিকের হাফ সেঞ্চুরিতে শেষ পর্যন্ত ৭ উইকেটে ২৫২ রান তুলে লড়াইয়ের পুঁজি পায় পাকিস্তান। রিজওয়ান ৭৩ বলে ৬ চার ও ২ ছক্কায় ৮৬ রান করেন, আর শফিক ৬৯ বলে ৫২ রান করেন ২৩ চার ও ২ ছক্কায়। এছাড়া ইফতিখার ৪০ বলে ৪৭ ও বাবর আজম ৩৫ বলে ২৯ রান করেন। বাবর ও শফিক ৭০ বলে ৬৪ এবং রিজওয়ান ও ইফতিখার ৭৮ বলে ১০৮ রানের জুটি গড়ে দলকে সংহত অবস্থান গড়ে দেন।
পরে রান তাড়া করতে নেমে চরম নাটকীয়তার পর শেষ বলে ২ উইকেটের স্নায়ুক্ষয়ী জয় পেয়ে ফাইনালে উঠেছে শ্রীলংকা। কুশল মেন্ডিস ৯১, চারিথ আসালংকা ৪৯ ও সাদিরা সামারাবিক্রমা ৪৮ রান করেন।










