বগুড়ার নন্দীগ্রামে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের কুঁড়েঘরে ঘুমন্ত মা ও মেয়েকে চাপা দিয়েছে। তারা ঘটনাস্থলেই মারা গেছে।

শুক্রবার (৮ মে) দিবাগত রাত আড়াইটার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে নন্দীগ্রাম পৌরসভার ওমরপুর নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- ওমরপুর এলাকার মৃত কোরবান আলীর স্ত্রী কাতেজান বিবি (৬৫) ও মেয়ে কাজলী বেগম (৪৩)। তারা মহাসড়কের পাশে সড়ক ও জনপদ (সওজ) বিভাগের জায়গায় কুঁড়েঘর তুলে বাস করতেন।

বগুড়ার নন্দীগ্রাম থানা পুলিশ জানায়, পঞ্চগড় থেকে বালু বোঝাই একটি ট্রাক নাটোরের দিকে যাচ্ছিল। রাত আড়াইটার দিকে ওমরপুর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে কুঁড়েঘর গুঁড়িয়ে দেয়। ট্রাকের নিচে চাপা পড়ে মা-মেয়ে মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা রেকার দিয়ে ট্রাক সরিয়ে মা-মেয়ের মরদেহ উদ্ধার করে। দুঘর্টনার পর ট্রাক চালক পালিয়ে গেলেও হেলপার আলম শেখকে (৩০) পুলিশ আটক করে।

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। ঘটনার পর থেকে চালক পালিয়ে গেছে। তার সহকারী আটক হয়েছে। তাদের নামে মামলা হবে।