নিরাপদ, শান্তিপূর্ণ ও আলোকিত সীমান্ত গড়তে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের অধিনায়ক পর্যায়ে এক ব্যতিক্রমী বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গতকাল নওগাঁ সীমান্তের খয়েরবাড়ি মাঠ নামক স্থানে বিজিবির পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এবং বিএসএফ ১৩৭ ব্যাটালিয়ন, পতিরামের কমান্ডার পর্যায়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির ১৫ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. হামিদ উদ্দিন। অন্যদিকে ১৫ সদস্যবিশিষ্ট বিএসএফ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএসএফ ১৩৭ ব্যাটালিয়ন, পতিরামের কমান্ড্যান্ট শুকভীর ধাংগার।

নওগাঁ সীমান্তের খয়েরবাড়ি ও ভারতের ভুলকিপুর অধিক চোরাচালানপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। বিজিবি ও বিএসএফ ক্যাম্প থেকে সীমান্তবর্তী এ গ্রাম দুটি কিছুটা দূরে অবস্থিত হওয়ায় এবং সীমান্তের এ অংশে ভারতের কোনো কাঁটাতারের বেড়া না থাকায় দুষ্কৃতকারীরা দীর্ঘদিন ধরে এ এলাকাকে মাদক পাচার ও চোরাচালানের রুট হিসেবে ব্যবহার করে আসছে। এলাকাটিকে মাদক ও চোরাচালান মুক্ত করতে বিজিবি-বিএসএফের অধিনায়ক পর্যায়ে বিভিন্ন সময়ে আলোচনা, কৌশল নির্ধারণ এবং সে বিষয়ে সহযোগিতার ভিত্তিতে কিছু কার্যক্রম গ্রহণের ব্যাপারে যৌথ পরিকল্পনা গ্রহণ করা হয়। এরই ধারাবাহিকতায় বিজিবি ও বিএসএফের এ ব্যতিক্রমী বৈঠক অনুষ্ঠিত হয়।