বগুড়ার বাফার গুদামে কর্মবিরতি পালন করেছেন শ্রমিকরা। আব্দুর রহমান নামে একজন শ্রমিককে ছাঁটাই করার প্রতিবাদে গতকাল সকাল থেকে এ কর্মবিরতি পালন করেন জেলা বিসিআইসি সার গুদাম কুলি শ্রমিক ইউনিয়নের সদস্যরা। এদিন বিকালে বাফার গুদামের ব্যবস্থাপক মোস্তফা কামাল জানান, বিকালে শ্রমিকরা কাজে ফিরেছেন।
জানা যায়, গত ১১ মার্চ নগরবাড়ী ঘাট থেকে ২১ টন ইউরিয়া সারবাহী একটি ট্রাক বগুড়া বাফার গুদামে আসে। ওই ট্রাক থেকে মাত্র এক টন সার গুদামে খালাসে অনিয়মের অভিযোগ তুলে আব্দুর রহমানকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়। বিষয়টি নিয়ে অন্য শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এর প্রতিবাদে শ্রমিকরা কাজ বন্ধ করে অনির্দিষ্টকালের জন্য আন্দোলন শুরু করেন।










