অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সংস্কার, স্বচ্ছ নিয়ন্ত্রক ব্যবস্থা এবং অতীতে সংঘটিত কারসাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ফলে দেশের পুঁজিবাজারে দেশী-বিদেশী বিনিয়োগকারীদের আস্থা ধীরে ধীরে ফিরে আসছে।

আজ রোববার জাতীয় সংসদে বিরোধী দলের সদস্য কামরুল হাসানের (ময়মনসিংহ-৬) এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, পুনর্গঠিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এরইমধ্যে দৃশ্যমান ফল দিতে শুরু করেছে। গত দুই মাস ধরে শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রয়েছে।

শেয়ারবাজার এখন ঊর্ধ্বমুখী এবং সূচকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। নতুন কমিশন দায়িত্ব নেয়ার পর গত দুই মাসে বাজারের পারফরম্যান্স আরো শক্তিশালী হয়েছে। এটি পুঁজিবাজারে স্বচ্ছতা ও জনগণের আস্থা ফিরে আসারই প্রতিফল বলে জানান তিনি।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের আমলে পুঁজিবাজারে কারসাজির বিরুদ্ধে সরকারের পদক্ষেপ তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, অনিয়ম ও বাজার কারসাজির সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইতোমধ্যে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আরো কয়েকজনের বিরুদ্ধে প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরো জানান, বাজার কারসাজি, দুর্নীতি ও অন্যান্য আর্থিক অনিয়মে জড়িতদের চিহ্নিত করতে গঠিত তদন্ত ও অনুসন্ধান কমিটির প্রতিবেদনের ভিত্তিতেও কমিশন পরবর্তী ব্যবস্থা গ্রহণ করছে।

সরকারের সংস্কার কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশের পুঁজিবাজার একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিনিয়োগ গন্তব্যে পরিণত হবে বলেও আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী।