নষ্ট ও চুরি হয়ে যাওয়া ভারত-বাংলাদেশ সীমানা পিলারগুলো পুনরায় স্থাপনের লক্ষ্যে দুই দেশের সার্ভেয়ার দল যৌথভাবে দিনাজপুরের হিলি সীমান্ত পরিদর্শন করেছে। গতকাল বাংলাদেশের সার্ভেয়ার দলের সদস্যরা হিলি সীমান্তের শূন্যরেখায় এলে ভারতীয় সার্ভেয়ার দলের সদস্যরা তাদের স্বাগত জানান। পরে তারা সীমান্তের ভারত অংশে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে এক বৈঠকে মিলিত হন।
বাংলাদেশের পক্ষে ভূমি জরিপ ও রেকর্ড অধিদপ্তর ঢাকার সার্ভেয়ার আশরাফুল হোসেনের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। ভারতের পক্ষে অংশ নেয় কলকাতার সার্ভেয়ার খুদিরাম সরকারের নেতৃত্বে দুই সদস্যের একটি প্রতিনিধি দল। এ সময় সেখানে বিজিবির হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মোকলেছুর রহমান ও ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার ভারত ভূষণ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে তারা বিজিবি ও বিএসএফসহ হিলি সীমান্তের সীমানা পিলারগুলো পরিদর্শন করেন।
বাংলাদেশ ভূমি জরিপ ও রেকর্ড অধিদপ্তর ঢাকার সার্ভেয়ার আশরাফুল হোসেন বলেছেন, ২০২১-২২ মাঠ মৌসুমের বাংলাদেশ-ভারত যৌথ সীমানা নির্ধারণের কাজ চলছে। সেই কাজের অংশ হিসেবে হিলি সীমান্তে পিলারের কাজ করা হবে। যেসব পিলার ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে বা চুরি হয়েছে সেগুলো নতুন করে নির্মাণ করা হবে। এরই মধ্যে আমাদের ঠিকাদার নিয়োগ সম্পন্ন হয়েছে। তাদের এগুলো দেখিয়ে দেয়ার জন্যই দুই দেশের সার্ভেয়ার দলের এ যৌথ পরিদর্শন। ঠিকাদার ঈদের পরে নির্মাণকাজ শুরু করবেন।










