সিলেটের বিজ্ঞান লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় ৪ আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে খালাস দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুর ১২টা ৫০ মিনিটে সিলেটের সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক নুরুল আমীন বিপ্লব এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পিপি মুমিনুর রহমান টিপু।
গত ১৪ মার্চ বিচারিক আদালত এ মামলার রায় ঘোষণার জন্য আজকের তারিখ নির্ধারণ করেছিলেন। সে ধারাবহিকতায় আজ দুপুর সাড়ে ১২টার দিকে দুই আসামি শফিউর রহমান ফারাবী ও আবুল খায়ের রশীদ আহমেদকে আদালতে হাজির করা হয়। আদালত চারজনের মৃত্যুদণ্ডাদেশ দেন।
রাষ্ট্রপক্ষের বিশেষ আইনজীবী মোমিনুর রহমান টিটু এ রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেন। তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, এ রকম সন্ত্রাস এবং খুন করে কেউ রেহাই পাবে না তা আবারো প্রমাণিত।
আইনের ব্যত্যয় ঘটিয়ে এ রায় দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন আসামি পক্ষের আইনজীবী আব্দুল আহাদ। তিনি বলেন, কোনোভাবেই অভিযুক্তদের অপরাধ প্রমাণ করা যায়নি। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলে তিনি গণমাধ্যমকর্মীদের জানান।
২০১৫ সালের ১২ মে সিলেট নগরীর সুবিদবাজারে নূরানী আবাসিক এলাকার নিজ বাসার সামনে খুন হন ব্লগার অনন্ত বিজয় দাশ। সে রাতেই সিলেটের বিমানবন্দর থানায় অজ্ঞাত হামলাকারীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন অনন্ত বিজয় দাশের ভাই রত্নেশ্বর দাশ। মামলার তদন্তের দায়িত্ব প্রাথমিকভাবে থানা পুলিশের কাছে থাকলেও পরে পুলিশ সদর দপ্তরের নির্দেশে তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তর করা হয়।
এরপর তদন্তকারী কর্মকর্তা আরমান আলী ২০১৬ সালের ১৮ অক্টোবর আদালতে একটি অভিযোগপত্র জমা দিলে আদালত তা পুনরায় তদন্তের নির্দেশ দেন। পরবর্তীতে ২০১৭ সালের ৯ মে সম্পূরক অভিযোগপত্র দিলে আদালত তা গ্রহণ করেন।
অভিযোগপত্রে অনন্ত বিজয় দাশকে হত্যায় শফিউর রহমান ফারাবী, মান্নান ইয়াহইয়া ওরফে মান্নান রাহী, আবুল খায়ের রশীদ আহমেদ, আবুল হোসেন ওরফে আবুল হুসাইন, হারুনুর রশীদ এবং ফয়সল আহমেদকে অভিযুক্ত করা হয়। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন মান্নান। ২০১৭ সালের ২ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে তার মৃত্যু হয়। বাকি ৩ আসামি এখনো পলাতক।
প্রথম দিকে মামলার বিচারকাজ চলে সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে। পরে সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পর ২০২০ সালের শুরুর দিকে মামলাটি সেখানে স্থানান্তর করা হয়।
ব্লগার অনন্ত হত্যা : ৪ জনের মৃত্যুদণ্ড, একজন খালাস
সিলেটের বিজ্ঞান লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় ৪ আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে খালাস দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুর ১২টা ৫০ মিনিটে সিলেটের সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক নুরুল আমীন বিপ্লব এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পিপি মুমিনুর রহমান টিপু।










