রাঙ্গামাটিতে কলেজছাত্রী পূর্ণিমা চাকমার রহস্যজনক মৃত্যুকে হত্যাকাণ্ড দাবি করে বিক্ষোভ করেছেন তার সহপাঠীরা। হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন তারা। গতকাল সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এ দাবি জানানো হয়। কর্মসূচিতে পূর্ণিমা চাকমার মামাতো ভাই পলাশ চাকমা, জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রাজিয়া চাকমা, জুরাছড়ি উপজেলার বাসিন্দা মহারঞ্জন চাকমা ও সত্যপ্রিয় চাকমা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী তরুণ চাকমা প্রমুখ অংশ নেন।