নারায়ণগঞ্জে ট্রাকচাপায় রিকশারোহী বাবা-মেয়ের মৃত্যুর ঘটনায় মামলা করেছে নিহতের পরিবার। দুর্ঘটনার ২৪ ঘণ্টা পর মামলাটি করেন নিহত বেলীর মা ও আলতাফ হোসেনের সাবেক স্ত্রী অ্যাডভোকেট আয়েশা রহমান সিদ্দিকী। আজ শনিবার দুপুরে ফতুল্লা মডেল থানায় সড়ক পরিবহন আইনে এ মামলাটি করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান।

পুলিশ জানায়, মামলায় একমাত্র আসামী করা হয় ট্রাকের চালক হাবিবুর রহমানকে। তিনি পটুয়াখালী সদর উপজেলার হাজীখালী গ্রামের বাসিন্দা। ঘটনার পর গতকাল শুক্রবার স্থানীয়দের সহযোগিতায় হাবিবুরকে আটক করে পুলিশ।

গতকাল শুক্রবার দুপুর ২টায় ট্রাকের চাপায় ওষুধ ব্যবসায়ী আলতাফ হোসেন ও তার কিশোরী কন্যা মুক্তি আলীফ বেলীর মৃত্যু হয়। ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের চাষাঢ়ায় জেলা পরিষদের ডাকবাংলো মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষর্শীরা জানান, উল্টো দিক থেকে আসা দ্রুতগামী ইটবোঝাই ট্রাকটি আলতাফ ও বেলীকে বহনকারী রিকশাকে ধাক্কা দিলে তারা সড়কে ছিটকে পড়েন। ট্রাকটির চাকা তাদের মাথার ওপর উঠে যায়। ঘটনাস্থলেই মারা যান বাবা ও মেয়ে।