বরিশালের বিভিন্ন নদীতে নৌ-পুলিশ ও মৎস্য অধিদপ্তরের অভিযানে আটক ৩৬ জেলেকে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার পরিচালিত এ অভিযানে ১ লাখ ৬ হাজার মিটার অবৈধ জাল এবং প্রায় ১০০ কেজি ইলিশ জব্দ করা হয়। ওইদিন রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজার নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা জানান, মৎস্য অধিদপ্তর ও নৌ-পুলিশ গত রোববার দিনভর মেঘনা, তেঁতুলিয়া, কালাবদর, সন্ধ্যা, আড়িয়াল খাঁ ও কীর্তনখোলা নদীতে অভিযান চালিয়ে প্রায় ১ লাখ ৬ হাজার মিটার অবৈধ জাল এবং প্রায় ১০০ কেজি ইলিশ মাছসহ ৩৬ জেলেকে আটক করে।

পরে ভ্রাম্যমাণ আদালত ২৮ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং আট জেলেকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। জব্দকৃত জাল কীর্তনখোলা নদীতীরবর্তী রসুলপুর চরে পুড়িয়ে ধ্বংস এবং ইলিশ মাছ বিভিন্ন এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে বিতরণ করা হয়।