নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর এলাকায় পূর্ব বিরোধের জেরে পাভেল (৩৭) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। আজ সোমবার (৩১ মার্চ) ভোরে পঞ্চবটি-মুক্তারপুর রোডের কাশিপুর এলাকায় লায়ন চক্ষু হাসপাতালের পাশে এ ঘটনা ঘটে।
পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়। নিহত পাভেল নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিমপুর মধ্যপাড়ার বাসিন্দা হাসমত উল্লাহর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা থানার ওসি শরিফুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (৩০ মার্চ) সন্ধ্যায় ইফতারের পর চুল কাটার কথা বলে বাসা থেকে বের হন পাভেল। এরপর রাত ১০টার দিকে তার বড় ভাই রুবেলের মোবাইলে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। তবে কেউ কথা বলেনি। পরদিন ভোর ৬টার দিকে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় পাভেলের খালাতো ভাই মো. রিফাত তাকে গুলিবিদ্ধ অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন। এ সময় পরিবারের সদস্য ও এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢামেকে পাঠানো হয়। পরে বিকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের বড় ভাই মো. মাসুম বলেন, গতরাতে আমার ভাই পাভেলের সঙ্গে পাশের বাড়ির বাবু ওরফে কবুতর বাবুর একটি কবুতর নিয়ে কথা কাটাকাটি হয়। পরেরদিন ভোরে তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ জানান, আহত অবস্থায় সকালেই পাভেলকে ঢামেকে আনা হয়। বিকাল সাড়ে ৩টার দিকে তিনি মারা যান। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
ফতুল্লা থানার ওসি শরিফুল ইসলাম বলেন, এখনো হত্যার প্রকৃত কারণ জানা যায়নি। তবে নিহত ও অভিযুক্তরা পূর্বপরিচিত ছিল। আমরা ঘটনাস্থলে আছি। বিস্তারিত পরে জানানো হবে।










