শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবিতে ১৬ জানুয়ারি পুলিশি হামলার স্থানে রক্তিম হস্তছাপ অংকন করেছেন শিক্ষার্থীরা।
ধারাবাহিক কর্মসূচি পালনের অংশ হিসেবে গতকাল শিক্ষার্থীরা প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ মিছিল শেষে এ রক্তিম হস্তছাপ অংকন করেন।
বিকাল সাড়ে ৪টায় আন্দোলনকারী শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থান ঘুরে ড. এমএ ওয়াজেদ মিয়া আইআইসিটি শিক্ষা ভবনের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে শিক্ষার্থীরা গত ১৬ জানুয়ারি পুলিশের সঙ্গে সংঘর্ষ, আন্দোলন-অনশনের সময়ের বিভিন্ন ছবি, প্লাকার্ড এবং পোস্টার নিয়ে অংশগ্রহণ করেন। পরে আইআইসিটি ভবনের সামনে ১৬ জানুয়ারি পুলিশের সঙ্গে যেখানে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছিল, সেই স্থানে শিক্ষার্থীরা রক্তিম হস্তছাপ অংকন করেন। আন্দোলনকারী শিক্ষার্থী শাহরিয়ার আবেদিন বলেন, আমাদের রক্তের দাগ এখনো শুকায়নি, আমাদের দাবিগুলোও এখনো পূরণ হয়নি।
তাই দাবি আদায়ের জন্য আমরা মিছিল করেছি। মিছিল শেষে শিক্ষার্থীরা সম্মিলিতভাবে ১৬ জানুয়ারি ক্যাম্পাসের আইআইসিটি ভবনের সামনে যে স্থানে উপাচার্যের নির্দেশে নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর পুলিশ লাঠি, শটগান, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিয়ে অতর্কিতে হামলা চালিয়েছিল সেখানে রক্তিম হস্তছাপ আঁকা হয়েছে। এ কর্মসূচিকে অন্যায্য-নিপীড়ন-জুলুমের বিরুদ্ধে শিক্ষার্থীদের যে চিরন্তন লড়াই তার ইশতেহার হিসেবে প্রকাশ করেছি।
শাহরিয়ার বন্ধ থাকা আড়াই শতাধিক মোবাইল ব্যাংকিং একাউন্ট খুলে দেয়া ও শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়েরকৃত দুটি মামলা প্রত্যাহারের দাবি জানান।










