বগুড়ায় ঢাকাগামী বাসে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্তি ভাড়া নেয়ায় হানিফ এন্টারপ্রাইজ কর্তৃপক্ষকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১২টার দিকে বগুড়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।
বগুড়া শহরের বনানীতে বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ আফজাল রাজনের নেতৃত্বে ঢাকাগামী বাসগুলোতে অভিযান চালানো হয়। হানিফ পরিবহনের বাসটি নওগাঁ থেকে ঢাকা যাচ্ছিল।
বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ আফজাল রাজন জানান, জেলা প্রশাসন থেকে প্রতিদিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করছি যাতে সরকারি নির্দেশনা অমান্য করে কেউ যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে। ভোক্তা অধিকার আইনের ৪০ ধারায় অতিরিক্ত ভাড়া নেয়ায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
তিনি বলেন, নওগাঁ থেকে ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজের ভাড়া স্বাস্থ্যবিধি মেনে অতিরিক্ত ৬০ শতাংশ যোগ করে ৬৪০ টাকা। কিন্ত হানিফ এন্টারপ্রাইজের প্রতিটি টিকিটের দাম রাখা হয়েছে ৭৫০ টাকা। যা সরকারি বিধানের পরিপন্থী। অতিরিক্ত ভাড়া বেশি নেয়ায় হানিফ এন্টারপ্রাইজের কর্তৃপক্ষকে ভ্রাম্যমাণ আদালত এসময় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
হানিফ এন্টারপ্রাইজ বগুড়ার ম্যানেজার মোফাজ্জল জানান, বগুড়া থেকে ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে সরকারি নিয়ম অনুযায়ী ভাড়া নেয়া হচ্ছে। বেশি ভাড়া যাত্রীদের কাছ থেকে নওগাঁ থেকে নেয়া হয়েছে। তবে কেন নেয়া হয়েছে তা তিনি জানাতে পারেননি।










