অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন। লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার তার মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বিডিনিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে গত বৃহস্পতিবার রাতে তৌফিক ইমরোজ খালিদীকে লন্ডনের একটি হাসপাতালে নেয়া হয়। স্থানীয় সময় শুক্রবার বেলা ২টা ২৩ মিনিটে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
তার মরদেহ কবে দেশে আনা হবে, তা এখনো ঠিক হয়নি। জানাজা ও দাফনের স্থান ও সময় চূড়ান্ত হলে পরিবারের পক্ষ থেকে তা জানিয়ে দেয়া হবে।
তৌফিক ইমরোজ খালিদীর বয়স হয়েছিল ৫৯ বছর। পরিবার জানিয়েছে, ব্যক্তিগত সফরে লন্ডনে ছিলেন তৌফিক ইমরোজ খালিদী। সেখানে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে পড়াশোনা করা তৌফিক ইমরোজ খালিদী ডেইলি স্টার ও বিবিসিতে সাংবাদিকতা করেছেন। ২০০৬ সাল থেকে নিজ মালিকানাধীন বাংলাদেশী অনলাইন সংবাদমাধ্যম ও সংবাদ সংস্থা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রকাশক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।










