চলতি বিশ্বকাপে গভীর সংকটে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ছয় ম্যাচ খেলে পাঁচটিতেই হেরে ১০ দলের এ আসরে টেবিলের একেবারে তলানিতে তারা। সেমিফাইনালের আশা কার্যত শেষ। তবে আনুষ্ঠানিকভাবে বিদায় এখনো বলা যাচ্ছে না। বলা হচ্ছে, পরের তিনটি ম্যাচই জিতে নিলে সেমিফাইনালের ক্ষীণ আশা বেঁচে থাকবে তাদের। 

এ সমীকরণ সামনে রেখে আজ তারা মুখোমুখি হবে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার, যারা দুই হারের পর টানা চার জয়ে সেমিফাইনালের সম্ভাবনা উজ্জ্বল করেছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এ লড়াই শুরু হবে বাংলাদেশ সময় বেলা আড়াইটায়।

গতবার রোমাঞ্চকর এক ফাইনালে নিউজিল্যান্ডকে বাউন্ডারির সংখ্যায় হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জয় করে ইংল্যান্ড। প্রথমবার বিশ্ব জয়ের পর ওয়ানডেতে পরাক্রমশালী এক দল হয়ে ওঠে ইংলিশরা। বিস্ফোরক সব ব্যাটারে ঠাসা দলটিকে ঘিরে এবার তাই উচ্চাশা ছিল। যদিও ভয়াবহ ফল বিপর্যয় ঘটে জস বাটলারের দলের। উদ্বোধনী ম্যাচে সেই নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত হন বাটলার ও তার সহযোদ্ধারা। 

দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে হারালেও এরপর দূর আকাশে যেন মিলিয়ে যায় ইংল্যান্ডের সব তারা। আফগানিস্তান তাদের ওয়ানডেতে হারিয়ে দেয় প্রথমবারের মতো। দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা ও ভারতের কাছে টানা হেরে যায় ইংলিশরা। এর মধ্যে প্রোটিয়াদের কাছে তারা পায় বড় লজ্জা। মুম্বাইয়ে ৩৯৯ রানের সৌধ গড়ে ইংল্যান্ডকে ২২৯ রানের বিশাল ব্যবধানে হারায় দক্ষিণ আফ্রিকা। 

এদিকে বিশ্বকাপে ‘বড় দল’ অস্ট্রেলিয়া ফিরেছে স্বরূপে, এটাই ভয়ের কারণ ইংলিশদের। ভারত ও দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর অজিরা ভেঙে না পড়ে ঘুরে দাঁড়ায় প্রত্যয় নিয়ে। এরপর টানা জিতেছে শ্রীলংকা, পাকিস্তান, নেদারল্যান্ডস ও নিউজিল্যান্ডের বিপক্ষে। শেষ জয়ে কিউইদের (৮ পয়েন্ট) টপকে তিনে উঠে যায় প্যাট কামিন্সের দল (৮ পয়েন্ট)। নেট রানরেটে এগিয়ে অজিরা। একে অন্যকে পেছনে ফেলার এ স্নায়ুযুদ্ধ চলতেই থাকবে শেষ পর্যন্ত। 

আজ একই দিন মাঠে নামছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। কিউইরা বেঙ্গালুরুতে মুখোমুখি হবে পাকিস্তানের। টানা তিন জয়ের পর টানা চার হারে ব্যাকফুটে কিউইরা। পাকিস্তানও খাদের কিনারে। এই ম্যাচ তাদের কাছে বাঁচা-মরার। জিতলে টিকে থাকবে, হারলে বিদায়। সকালে ম্যাচ হওয়ায় টম ল্যাথামের দলের সামনে অজিদের টপকে তিনে ওঠার হাতছানি। যদিও অজিরা পরে ব্যবধান কমানোর সুযোগ পাবে।