নাটোরের বড়াইগ্রামে একই স্থানে আওয়ামী লীগের দুই পক্ষ পাল্টাপাল্টি সভা ডাকার জেরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। উপজেলার মাঝগাঁও ইউনিয়নের বাহিমালী উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল রাত ১২টা পর্যন্ত ওই এলাকায় সব ধরনের সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। গতকাল দুপুরে ইউএনও আনোয়ার পারভেজ ১৪৪ ধারা জারি করেন।
স্থানীয় সূত্র জানায়, গতকাল বিকালে বিদ্যালয় মাঠে নবনির্বাচিত ওয়ার্ড কমিটির পরিচিতি সভা ডাকা হয়। সেখানে প্রধান অতিথি থাকার কথা ছিল জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুসের।
কিন্তু একই স্থানে উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী ত্রিবার্ষিক সম্মেলন ডাকেন। এতে ওই এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির শঙ্কায় রাত ১২টা পর্যন্ত সব সভা-সমাবেশ বন্ধ করে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। পরে পাটোয়ারী কোয়ালিটি এডুকেয়ারে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী বলেন, উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিক আসলে দলে অনুপ্রবেশকারী ‘হাইব্রিড’। তাই উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকের অনুমতি ছাড়াই সম্মেলন ডেকেছিলেন। যেটা সম্পূর্ণ দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলা পরিপন্থী। তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া উচিত।
এ অভিযোগের বিষয়ে মন্তব্য জানতে উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ বলেন, একই মাঠে দুই পক্ষ সভা ডাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির শঙ্কায় রাত ১২টা পর্যন্ত সব সভা-সমাবেশ বন্ধ করে ১৪৪ ধারা জারি করা হয়েছে।










