বাগেরহাটের
ফকিরহাটে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছে। এ সময় অন্তত চারজন
আহত হয়। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে খুলনা-মাওয়া
মহাসড়কের ফকিরহাট উপজেলার পালেরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতাল
ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়,
নিহতদের মধ্যে আয়ান শেখ নামের দশ মাস বয়সী এক শিশু রয়েছে। আয়ান শেখ টাঙ্গাইল জেলার
মাসুদ শেখের ছেলে। সে বাবা-মায়ের সঙ্গেই ছিল। তার বাবা-মা ও গুরুতর আহত হয়েছেন।
এ দুর্ঘটনায়
নিহত অন্য দুজন হলেন বাসের চালক আব্দুল্লাহ (৪০) ও ট্রাকের চালক জালাল হাওলাদার (৪৫)।
স্থানীয়রা বলেন,
যাত্রীবাহী বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। পালেরহাট নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে
আসা ট্রাকটির সাথে সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়।
বাহেরাটের ফকিরহাট
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সবুজ শেখ বলেন, দুর্ঘটনায় আহত
কয়েকজন আমাদের হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায়
তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মোল্লাহাট হাইওয়ে
ফাঁড়ির ইনচার্জ আবুল হাসান জানান, খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাটে বাস-ট্রাকের মুখোমুখি
সংঘর্ষ হয়। দুর্ঘটনায় আহত ও নিহতদের উদ্ধার করেছে পুলিশ। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক
রয়েছে।










