বগুড়ায় দুস্থদের ত্রাণের চাল আত্মসাতের ঘটনায় জেলা আওয়ামী লীগের নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে একজনকে বহিষ্কার ও অপরজনকে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।

গত ২২ জুলাই রাতে বগুড়ার সারিয়াকান্দি উপজেলা থেকে সরকারি ত্রাণের চাল নৌকায় করে কালোবাজারে পাচারের সময় ধুনট উপজেলার যমুনা নদীর শহড়াবাড়ি ঘাট এলাকা থেকে ৩ হাজার ২৯০ কেজি ওজনের ৯৩ বস্তা চালসহ আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে আটক করে ধুনট উপজেলা প্রশাসন। 

আটককৃতরা হলেন- চুনিয়াপাড়া গ্রামের মনছের আলীর ছেলে সারিয়াকান্দি উপজেলার বোহাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজনু মন্ডল (৪৫) ও ধুনট উপজেলার শিমুলবাড়ি গ্রামের আফসার মন্ডলের ছেলে গোসাইবাড়ি ইউনিয়ন যুবলীগের অর্থবিষয়ক সম্পাদক আল আমিন (৩৮)। আটকের পর জেলা আওয়ামী লীগ থেকে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে সাংগঠনিক ব্যবস্থা নিতে বলা হয়।

বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক মাশরাফি হিরো জানান, দুঃস্থদের ত্রাণের চাল আত্মসাতের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। এ ঘটনায় সংশ্লিষ্ট সারিয়াকান্দি উপজেলার বোহাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজনু খাঁকে সংগঠন থেকে অব্যাহতি প্রদান করে তাকে বহিষ্কারের জন্য সুপারিশ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে প্রেরণ করা হয়েছে। 

সেই সাথে সহ-সভাপতি মকবুল হোসেন খানকে ভারপ্রাপ্ত সভাপতি দায়িত্ব প্রদান করা হয়েছে। অপরদিকে ত্রাণের চাল আত্মসাতের অভিযোগে ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়ন যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক আল আমিনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য ধুনট উপজেলা যুবলীগ ও বগুড়া জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্দেশ প্রদান করা হয়েছে।