দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামালের বাসা থেকে নগদ ৩ কোটি ১ লাখ ১০ হাজার ১৬৬ টাকা উদ্ধার করেছে পুলিশ। এছাড়া তার বাসা থেকে বিদেশী মুদ্রা ও প্রাইজ বন্ড উদ্ধার করা হয়েছে। গতকাল রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের বাসায় অভিযান চালিয়ে এসব টাকা ও বিদেশী মুদ্রা উদ্ধার করে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোহাম্মদপুর থানাধীন বাবর রোডের ‘এফ’ ব্লকের ২৯/২ ও ৩ নম্বর বাড়ি থেকে নগদ ৩ কোটি ১ লাখ ১০ হাজার ১৬৬ টাকা উদ্ধার করা হয়। এছাড়া ১০ লাখ ৩ হাজার ৩০৬ টাকার বিদেশী মুদ্রা উদ্ধার করা হয়। এর মধ্যে ৩ হাজার ইউএস ডলার, ১ হাজার ৩২০ মালয়েশিয়ান রিঙ্গিত, ২ হাজার ৯৬৯ সৌদি রিয়াল, ৪ হাজার ১২২ সিঙ্গাপুর ডলার, ১ হাজার ৯১৫ অস্ট্রেলিয়ান ডলার, ৩৫ হাজার কোরিয়ান ইয়ান, ১৯৯ চাইনিজ ইয়ান। এর বাইরে ১০০ টাকা মূল্যমানের ৭৪৪টি প্রাইজ বন্ড উদ্ধার করা হয়।
খোঁজ নিয়ে জানা যায়, বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা হিসেবে ১৯৮৬ সালে সরকারি চাকরিতে যোগদান করেন শাহ কামাল। চাকরি জীবনে মাঠ প্রশাসনে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট, গাজীপুর, উপজেলা ম্যাজিস্ট্রেট, শ্রীপুর, কালীগঞ্জ ও গাজীপুর সদর, উপজেলা নির্বাহী অফিসার, ব্রাহ্মণবাড়িয়া সদর, অতিরিক্ত জেলা প্রশাসক, শরীয়তপুর এবং জেলা প্রশাসক, কিশোরগঞ্জ হিসেবে দায়িত্ব পালন করেন। সবশেষ তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে যোগদান করেন ২০১৫ সালের ২৩ মার্চ। মাত্র চার বছরের ব্যবধানে ২০১৯ সালের ৩০ জানুয়ারি সরকারের সিনিয়র সচিব পদে নিয়োগপ্রাপ্ত হন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি কম (সম্মান) ও প্রথম শ্রেণীতে এম কম ডিগ্রি লাভ করেন। অপেক্ষাকৃত কনিষ্ঠ হওয়া সত্ত্বেও বিশেষ তদবিরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে পদোন্নতি পেয়ে যান শাহ কামাল।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আগে তিনি অতিরিক্ত সচিব হিসেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগে দায়িত্ব পালন করেন। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রথম প্রশাসক ছিলেন এবং গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। অনেক সামাজিক ও মানবিক কল্যাণমূলক সংগঠনের কর্মকাণ্ডে সংশ্লিষ্ট রয়েছেন। তিনি বাংলাদেশ স্কাউটের জাতীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। স্কাউট কর্মকাণ্ডে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে তাকে জাতীয় পর্যায়ের সর্বোচ্চ পদক গোল্ডেন টাইগার এবং সিলভার ইলিশ প্রদান করে সম্মানিত করা হয় সরকারের পক্ষ থেকে।










