পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, বিদেশে বাংলাদেশের কোনো নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি কার্যক্রম শুরু হলে সংশ্লিষ্ট দেশগুলো বাংলাদেশের সরকারকে তা অবহিত করবে বলে ঢাকা প্রত্যাশা করে, যাতে ওই নাগরিককে কনস্যুলার সহায়তা দেয়া যায়।

গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকরের খবরের বিষয়ে তথ্য আদান-প্রদানে ঘাটতি থাকার বিষয়টি সামনে আসায় বাংলাদেশ সৌদি আরবের কাছে এর ব্যাখ্যা চেয়েছে।’

হুমায়ুন কবির বলেন, ‘বাংলাদেশে কোনো সৌদি নাগরিক ফৌজদারি অভিযোগে গ্রেফতার হলে সৌদি কর্তৃপক্ষকে তা জানানো হবে, যাতে তারা ওই নাগরিককে কনস্যুলার সহায়তা দিতে পারে।’

তিনি বলেন, ‘অন্তত তাদের জানা উচিত যে তাদের একজন নাগরিক বাংলাদেশের মাটিতে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী উল্লেখ করেন, একইভাবে সৌদি আরবসহ অন্যান্য দেশও বাংলাদেশী নাগরিকদের বিরুদ্ধে এ ধরনের কার্যক্রমের বিষয়ে বাংলাদেশকে অবহিত করবে বলে ঢাকা প্রত্যাশা করে, যাতে তাদের প্রয়োজনীয় সহায়তা দেয়া যায়।