বগুড়ার ধুনটে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের ঘটনায় অভিযুক্ত দুই আওয়ামী লীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে। গতকাল রোববার (০৪ অক্টোবর) নিমগাছী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমল হক ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদের স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশ দেয়া হয়। 

বহিষ্কৃত নেতারা হলেন- নিমগাছী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নবাব আলী ও সহ-দপ্তর সম্পাদক খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার আব্দুল হাদি মন্ডল। 

তবে চাল আত্মসাতের ঘটনায় থানায় মামলা দায়ের হলেও এখনও পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। 

জানা গেছে, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ধুনট উপজেলার ১০টি ইউনিয়নে কার্ডধারী সুবিধাভোগীদের মাঝে ১০ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। কিন্তু নিমগাছী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নবাব আলী ও সহ-দপ্তর সম্পাদক আব্দুল হাদি মন্ডল ওই ইউনিয়নের সুবিধাভোগীদের কার্ড কম দামে কিনে এবং কিছু কার্ড বিতরণ না করেই চাল উত্তোলন করে তা কলোবাজারে বিক্রি করে আসছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে গত ২৮ সেপ্টেম্বর দুপুরে র‌্যাব-১২ এর কর্মকর্তারা ধুনট উপজেলার বেড়েরবাড়ি গ্রামের তিনভাই ট্রেডার্স ও সেমি অটো রাইচ মিলে অভিযান চালান। এসময় মিলের গুদাম থেকে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ২৩০টি কার্ড উদ্ধার এবং ৪ হাজার কেজি চাল জব্দ করা হয়।

এ ঘটনায় গত ৩০ সেপ্টেম্বর ধুনট উপজেলার ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সেকেন্দার রবিউল ইসলাম বাদী হয়ে নিমগাছী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নবাব আলী ও সহ-দপ্তর সম্পাদক ও খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার আব্দুল হাদি মন্ডলের বিরুদ্ধে ধুনট থানায় মামলা দায়ের করেন। 

এ বিষয়ে নিমগাছী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ বলেন, দলীয় সিদ্ধান্ত অনুাযায়ী তাদের বহিষ্কার করা হয়েছে।

চাল আত্মসাতের ঘটনায় দুই নেতাকে বহিষ্কারের তথ্য নিশ্চিত করে বগুড়ার ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক টিআইএম নূরুন্নবী তারিক বলেন, আওয়ামী লীগের নাম-পরিচয় ব্যবহার করে কেউ অপরাধ করে পার পাবে না। 

বগুড়ার ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, সরকারি চাল আত্মসাতের মামলায় আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।