রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় পাহাড় ধসে তিনটি বসতঘর বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন। গতকাল ভোরে উপজেলার কাপ্তাই ইউনিয়নের নতুনবাজার ঢাকাইয়া কলোনিতে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ভোর সাড়ে ৪টায় ঢাকাইয়া কলোনির সিঁড়িঘাটে মো. ফরিদ ও নবী হোসেনের পাহাড়ের ওপর গড়ে তোলা দুটি বসতঘরের একাংশ ধসে পার্শ্ববর্তী কর্ণফুলী নদীতে তলিয়ে যায়। এ ঘটনায় নবী হোসেন কিছুটা আহত হলেও ফরিদ হোসেনের ঘরের কেউ হতাহত হননি। এছাড়া লগগেট এলাকায় মো. মামুন নামের এক ব্যক্তির বসতঘর অতি বৃষ্টির কারণে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য সজিবুর রহমান জানান, আমার এলাকার দুটি টংঘর পাহাড় ধসে পার্শ্ববর্তী কর্ণফুলী নদীতে তলিয়ে গেছে। আবার লগগেট এলাকায় পাহাড় ধসে একটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো পুরো ঢাকাইয়া কলোনিতে কয়েকশ পরিবার ঝুঁকি নিয়ে বসবাস করছে। প্রশাসন বারবার তাদের নিরাপদে সরে যাওয়ার কথা বললেও কেউ কথা শুনছেন না।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান বলেন, ‘প্রশাসনের পক্ষ হতে বারবার মাইকিং করে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদে সরে আসার জন্য বলা হলেও অনেকেই কথা শোনেননি। ফলে এ ঘটনা ঘটেছে। আমরা এরই মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারপ্রতি নগদ ২ হাজার টাকা ও ১০ কেজি করে চাল সহায়তা দিয়েছি।’