বগুড়া থেকে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে সার নিয়ে যাওয়ার সময় শেরপুরে দুই ট্রাকভর্তি ৪০ টন ইউরিয়া সার জব্দ করা হয়েছে। এ সময় ট্রাকের দুই চালক ও তাদের দুই সহকারীকে আটক করা হয়েছে। গত রোববার রাত প্রায় ১০টায় শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখের নেতৃত্বে র্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে সারবোঝাই ট্রাক জব্দ করাসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পশ্চিম চণ্ডীপুর গ্রামের জামাল উদ্দীন (৩০) ও তার সহকারী একই গ্রামের লিটন কুমার (২৫) এবং একই উপজেলার পূর্ব জাহাঙ্গীরাবাদ নারায়ণপুর গ্রামের ইব্রাহীম হোসেন (৩৪) ও তার সহকারী নাসির আলী (২৩)।

বগুড়ার শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ জানান, বগুড়া শহরের তিনমাথা এলাকার গুদাম থেকে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি সারভর্তি ট্রাক যশোরের নয়াপাড়া ঘাটে নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শেরপুর উপজেলার বাসস্ট্যান্ড এলাকা থেকে সারবোঝাই দুটি ট্রাক ও ট্রাকের চালক-হেলপারকে আটক করা হয়েছে। জব্দ করা ট্রাকের চালান অনুযায়ী ৪০ টন সার রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।