বরিশাল জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে চার পুলিশ সদস্যসহ আটজনের করোনা শনাক্ত হয়েছে। গতকাল সোমবার রাত ১১টার দিকে জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে এ তথ্য জানা গেছে। এ নিয়ে জেলায় মোট ৮৮ জনের করোনা শনাক্ত হলো।

জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, নতুন করে করোনায় আক্রান্তদের মধ্যে নগরীর চাঁদমারি এলাকার ৩৫ বছরের এক নারী ও কাজীপাড়া এলাকায় ৫৫ বছরের এক ব্যক্তি, বরিশাল সদর উপজেলার চরমোনাই এলাকার ২৮ বছরের এক যুবক ও বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি এলাকায় ৬০ বছরের এক ব্যক্তি রয়েছেন।

এছাড়া বরিশাল মেট্রোপলিটন পুলিশের চারজন সদস্য নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে মেট্রোপলিটন পুলিশ ও তাদের পরিবার মিলিয়ে মোট ১৫ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।

মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান জানান, নতুন করে আক্রান্ত চারজন পুলিশ সদস্যর মধ্যে কোতোয়ালি মডেল থানার একজন এসআই, দুইজন এএসআই এবং একজন উপ-পুলিশ কমিশনার (উত্তর) এর কার্যালয়ের কনস্টেবল রয়েছেন। যাদের পুলিশ হাসাপাতালে নিয়মানুযায়ী চিকিৎসা দেয়া হচ্ছে।