শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার শেষ দিন আজ মঙ্গলবার। আগ্রহী প্রার্থীরা আজ দপ্তরের সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল দাখিল করতে পারবেন।

মঙ্গলবার (১০ মার্চ) নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, শেরপুর-৩ আসনে ইসলামি আন্দোলন বাংলাদেশের আবুল তালেব মো. সাইফুদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. মাসুদুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মো. আমিনুল ইসলাম, বিএনপির মো. মাহমুদুল হক রুবেল এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) মো. মিজানুর রহমান মনোনয়নপত্র জমা দেন। এরই মধ্যে তাদের মনোনয়নপত্রের চূড়ান্ত বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনের একজন বৈধ প্রার্থী মারা যাওয়ায় নির্বাচন কমিশন ভোট স্থগিত করেছিল। পরে নতুন তফসিল ঘোষণা করে আসনটিতে নির্বাচন আয়োজনের উদ্যোগ নেয়া হয়।

অন্যদিকে বগুড়া-৬ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আবিদুর রহমান, বিএনপির মো. রেজাউল করিম বাদশা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মো. আল আলিম তালুকদার মনোনয়নপত্র জমা দেন। এই আসনেও রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্রের বাছাই কার্যক্রম শেষ করেছেন। এখন প্রার্থীরা চাইলে সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন।

বগুড়া-৬ আসনে গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিজয়ী হন। তবে একই সঙ্গে দুইটি আসনের সদস্য থাকার সুযোগ না থাকায় তিনি ঢাকা-১৭ আসনটি রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন। পরে আসনটি শূন্য ঘোষণা করে নতুন করে তফসিল দেয় নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আপিল নিষ্পত্তি করা হবে ১১ মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৪ মার্চ। প্রতীক বরাদ্দ দেয়া হবে ১৫ মার্চ এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৯ এপ্রিল।