আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থায় (আইএইএ) বাংলাদেশের শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য ইন্টার্নশিপ এবং নিয়োগের সুযোগ সম্প্রসারণের বিষয়ে সংস্থাটির মানবসম্পদবিষয়ক উপ-মহাপরিচালককের সাথে সাক্ষাৎ করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশের নাগরিকদের বিশেষত সরকারি কর্মকর্তাদের জন্য আইএইএ-তে ইন্টার্নশিপের সুযোগ বৃদ্ধি, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং বিভিন্ন পদে নিয়োগের সুযোগ সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।

এছাড়া, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে বাংলাদেশের তরুণ শিক্ষার্থী, গবেষক ও পেশাজীবীদের আন্তর্জাতিক পর্যায়ে কাজের সুযোগ তৈরি এবং তাদের দক্ষতা বিকাশে আইএইএ-এর সঙ্গে সহযোগিতা আরো জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে বাংলাদেশ ও আইএইএ-এর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে পরমাণু বিজ্ঞান ও প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশের সক্ষমতা আরো শক্তিশালী করার বিষয়ে মতবিনিময় হয়।

এসময় ভিয়েনায় নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত তৌফিক হাসান এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. এম মঈনুল ইসলাম উপস্থিত ছিলেন।