বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারীসহ ১৩ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। ৪ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য বেলাল হোসেনের ছেলে তহিদুল ইসলাম বাদী হয়ে গত শনিবার রাতে এ মামলা দায়ের করেন।

গতকাল দুপুরে বগুড়ার নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বলেন, ভাটরা ইউপি চেয়ারম্যানসহ ১৩ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতার করতে পুলিশ মাঠে কাজ করছে।

বগুড়ার নন্দীগ্রাম থানা সূত্রে জানা গেছে, উপজেলার কুমিড়া পণ্ডিতপুকুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি নিয়ে আওয়ামী লীগ নেতা দুই ভাইয়ের মধ্যে বিরোধ বাধে। ভাটরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদুল বারী এবং আওয়ামী লীগ নেতা মজনুর রহমান মজনু সহোদর। মজনু কুমিরা পণ্ডিতপুকুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয় এডহক কমিটির সভাপতি মজনু শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণের আয়োজন করেন। এ সময় তার আরেক ভাই মোরশেদুল বারীসহ তার লোকজন নিয়ে এসে বিদ্যালয়ের শিক্ষকদের মাধ্যমে বই বিতরণের দাবি করেন। এ নিয়ে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের রূপ নেয়। এতে সাবেক দুই ইউপি সদস্যসহ তিনজন আহত হন। একপর্যায়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে দেয়া হয়।

এ ঘটনায় আহত সাবেক ইউপি সদস্য বেলাল হোসেনের ছেলে তহিদুল ইসলাম বাদী হয়ে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা মোরশেদুল বারীসহ ১৩ জনের বিরুদ্ধে নামে মামলা করেন।