রাজধানীর গুলিস্তান জিপিওর সামনে জিরো পয়েন্টে ট্রাক
ও বাসের সংঘর্ষে আয়েশা বেগম (২০) নামে এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। রোববার (২১ এপ্রিল)
সকাল পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল
কলেজ হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক
মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ
পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই নারী আজমেরী
গ্লোরি বাসের যাত্রী ছিলেন। সকালের দিকে বায়তুল মোকারমের দক্ষিণ পাশের রাস্তা থেকে
আসা সিমেন্টবাহী কার্গো ট্রাক ও সদরঘাট থেকে আসা আজমেরী গ্লোরি বাসের সঙ্গে সংঘর্ষে
ওই নারীসহ দুই যাত্রী গুরুতর আহত হন। পরে ওই নারীকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক
মৃত ঘোষণা করেন।
পুলিশ ক্যাম্পের ইনচার্জ আরো জানান, মরদেহ ময়নাতদন্তের
জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত ওই নারীর বাড়ি পটুয়াখালীর সদর উপজেলার চারাবুনিয়া
গ্রামে। বর্তমানে গাজীপুরের চেরাগ আলী ফকির মার্কেট এলাকায় স্বামী মো. খাইরুল হোসেনের
সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। তিনি গাজীপুরের একটি পোশাক কারখানায় চাকরি করতেন।










