কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ বলেছেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সঠিকভাবে গড়ে তুলতে পারলে দেশ একটি যোগ্য ও সুন্দর প্রজন্ম পাবে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আজ সকালে হাজী মো. জহিরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে নেউরা এম আই উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
মোহাম্মদ আমিন উর রশীদ বলেন, ‘আল্লাহ ধন-সম্পদ দেয়ার আগে মানুষের মনকে সমৃদ্ধ করেন। আজকের এ উদ্যোগ নিঃসন্দেহে একটি মহৎ কাজ, যা ভবিষ্যৎ প্রজন্ম গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।’
সময় ও যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে শিক্ষার ধরণ ও শিক্ষার্থীদের চাহিদাও বদলেছে উল্লেখ করে মোহাম্মদ আমিন উর রশীদ বলেন, ‘বর্তমান যুগে শিক্ষার্থীদের প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি স্কুল ব্যাগও একজন শিক্ষার্থীর জন্য বড় সহায়তা হতে পারে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করে সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে।’
নিজের দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, ‘কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য—এ তিনটি খাত দেশের অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কৃষকের ভাগ্য উন্নয়ন করতে পারলেই দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব।’










