বগুড়ার কাহালু উপজেলার দেওগ্রামে পুকুর খননের সময় তিন ফুট লম্বা ৮৬ কেজি ওজনের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। গতকাল সকালে দেওগ্রামের সরকারি খাস একটি পুকুর থেকে বিষ্ণুমূর্তিটি উদ্ধার করা হয়।

বগুড়ার কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) আমবার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে বিষ্ণুমূর্তিটি উদ্ধার করা হয়েছে। এটি তিন ফুট লম্বা এবং এর ওজন ৮৬ কেজি। মূর্তিটি প্রত্নতত্ত্ব বিভাগের কাছে হস্তান্তর করা হবে।

বগুড়ার কাহালু থানা পুলিশ ও স্থানীয় বসিন্দারা জানায়, উপজেলার দেওগ্রামে সরকারি খাস পাল্লাপুকুরে ভেকু মেশিন দিয়ে মাটি কাটার সময়ে মাটির বদলে উঠে আসে বিশাল আকৃতির একটি পাথর। প্রথমে পাথর ভেবে ভেকু মেশিন অপারেটর অন্যদের ডাকাডাকি শুরু করেন। পরে এটিকে তারা বিষ্ণুমূর্তি হিসেবে শনাক্ত করেন।