নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বর্তমান সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, জনগণের কল্যাণ ও জীবনমান উন্নয়নের লক্ষ্যেই সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
আজ মঙ্গলবার (১০ মার্চ) সুনামগঞ্জের দিরাই উপজেলার ৯ নম্বর কুলঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে বীর মুক্তিযোদ্ধা এম এ রউফ জুনিয়র স্কুল প্রাঙ্গণে উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং দলের চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হয়েছে। সরকার গঠনের মাত্র ২১ দিনের মধ্যে দেশের প্রত্যন্ত এলাকায় এ কর্মসূচি শুরু হওয়া থেকে বোঝা যায় প্রধানমন্ত্রী নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কতটা দৃঢ়প্রতিজ্ঞ।
তিনি বলেন, এ কর্মসূচির আওতায় গৃহবধূদের নামে ফ্যামিলি কার্ড দেয়া হবে। নির্দিষ্ট পরিমাণ আর্থিক সহায়তা সরাসরি তাদের কাছে পৌঁছে দেয়া হবে। উপকারভোগীরা বিকাশ বা ব্যাংক হিসাবে এ অর্থ গ্রহণ করতে পারবেন। এর ফলে পারিবারিক ভিত্তি আরো শক্তিশালী হবে এবং নারীদের অর্থনৈতিক সক্ষমতা বাড়বে।
মন্ত্রী বলেন, সংসারের প্রয়োজনীয় খরচ সম্পর্কে নারীরাই সবচেয়ে ভালো জানেন। তাই পরিবারের আর্থিক সহায়তা সরাসরি তাদের হাতে পৌঁছে দিলে তা পরিবার পরিচালনায় ইতিবাচক ভূমিকা রাখবে এবং সঞ্চয়ের সুযোগও বাড়বে।
তিনি আরো বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনাগুলো দেশের সামগ্রিক উন্নয়নকে সামনে রেখে প্রণয়ন করা হয়েছে। বর্তমান মেয়াদের মধ্যেই এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে, যাতে সাধারণ মানুষের জীবনমান উন্নত হয়।
বাণিজ্যমন্ত্রী বলেন, কৃষি উৎপাদন বাড়াতে সরকার সারা দেশে খাল খনন কর্মসূচি গ্রহণ করেছে। বিশেষ করে সিলেট বিভাগে সেচ সুবিধার অভাব এবং পানি নিষ্কাশনের সমস্যার কারণে কৃষি উৎপাদন তুলনামূলকভাবে কম। এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেয়া হলে এ অঞ্চলের জমি থেকেও অতিরিক্ত ফসল উৎপাদন সম্ভব হবে।
তিনি আশাপ্রকাশ করে বলেন, এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ কৃষিজীবী পরিবারগুলো অতিরিক্ত আয়ের সুযোগ পাবে এবং গ্রামীণ অর্থনীতি আরো শক্তিশালী হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। স্থানীয় সংসদ সদস্য নাসির চৌধুরী, কলিম উদ্দিন আহমেদ, কয়সর আহমদ এবং কামরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।
এর আগে, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপকারভোগীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন। কুলঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে প্রাথমিকভাবে ৬৯৭ জনকে ফ্যামিলি কার্ডের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে আজ ৫১৭ জনের বিভিন্ন হিসাবে ২ হাজার ৫০০ টাকা করে জমা হবে বলে সমাজসেবা কার্যালয় জানিয়েছে।










