বাগেরহাটের শরণখোলায় লোকালয় থেকে ২০ ফুট দীর্ঘ একটি অজগর উদ্ধার করা হয়েছে। গতকাল সকালে সুন্দরবনসংলগ্ন শরণখোলা উপজেলার খুড়িয়াখালী গ্রামের জামাল গাজীর ঘরের পাশ থেকে ওয়াইল্ড টিমের সদস্যরা বিশাল আকৃতির অজগরটি উদ্ধার করেন। পরে বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে অজগরটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের স্টেশন কর্মকর্তা মো. আব্দুল মান্নান বলেন, ওয়াইল্ড টিমের সদস্যরা অজগরটিকে আটকে আমাদের খবর দেন। আমরা অজগরটিকে শরণখোলা রেঞ্জ অফিসসংলগ্ন বনে অবমুক্ত করেছি। উদ্ধার হওয়া অজগরটি লম্বায় ২০ ফুট, ওজন ৪০ কেজি। খাবারের খোঁজে ভোলা নদী পার হয়ে অজগরটি জামাল ফরাজির ঘরের পাশে অবস্থান নেয়। এ নিয়ে এক বছরে শতাধিক অজগর লোকালয় থেকে উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে।