হজ যাত্রীরা যাতে কোনোভাবেই হয়রানির শিকার না হয়, সেদিকে বিশেষ নজর রাখার নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। তিনি বলেন, হাজীদের সুষ্ঠুভাবে হজ সম্পন্ন করার ক্ষেত্রে মন্ত্রণালয়কে সর্বোচ্চ চেষ্টা চালাতে হবে।
আজ রোববার (২২ ফেব্রুয়ারি) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে হজ ব্যবস্থাপনা অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন। রাষ্ট্রের কর্মচারী হিসেবে হাজীদের সেবা করা সবার নৈতিক দায়িত্ব বলে আফরোজা খানম উল্লেখ করেন।
সভায় প্রতিমন্ত্রী এম রাশেদুজ্জামান মিল্লাত বলেন, হজ ব্যবস্থাপনায় উপযুক্ত ব্যক্তিরা সঠিক স্থানে দায়িত্ব পালন করছেন কিনা তা কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে। হজ যাত্রীদের ভোগান্তি কমাতে ও সার্বিক অবস্থা সরেজমিনে দেখতে মন্ত্রী ও প্রতিমন্ত্রী শিগগিরই হজ ক্যাম্প পরিদর্শন করবেন বলে আশা প্রকাশ করেন। এছাড়া সভায় হজ ফ্লাইটের সংখ্যা বা ফ্রিকোয়েন্সি বাড়ানোর বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।
পর্যালোচনা সভায় আরো ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান এবং ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন। এছাড়া বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এতে অংশ নেন। সভায় হজ যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।










