খুলনা-মোংলা মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা সহস্রাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নেমেছে সড়ক ও জনপথ বিভাগ। গতকাল অভিযানের প্রথম দিন সকাল থেকে বিকাল পর্যন্ত মহাসড়কের পাশে সাড়ে চার শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়। এ সময় সড়কের দিগরাজ, বগুড়া ব্রিজ, ভাগা ও ফয়লাহাট বাসস্ট্যান্ড এলাকার প্রায় ১০ একর সম্পত্তি উদ্ধার করা হয়।
সড়ক ও জনপথ বিভাগের খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা উপসচিব অনিন্দিতা রায়ের পরিচালনায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
এ সময় বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন, পুলিশ ও ফায়ার সার্ভিসসহ সড়ক বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সড়ক ও জনপথ বিভাগের খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা অনিন্দিতা রায় জানান, সড়কটি ছয় লেন করার জন্য সড়কের দুই পাশে ২০ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করা হচ্ছে। আজও উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। অবৈধ স্থাপনার পাশাপাশি সড়কের পাশে রাখা মালামাল অপসারণ করছি। যাতে ছয় লেনের কাজে কোনো প্রকার বাধার সৃষ্টি না হয়।
বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন জানান, মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলমান একটি প্রক্রিয়া। আমরা উচ্ছেদ অভিযানের আগে সড়কের জায়গার সীমানা নির্ধারণ ও মাইকিং করে সতর্ক করেছি। এর পরও যারা স্থাপনা সরিয়ে নেননি, তাদের স্থাপনা অপসারণ কার্যক্রম পরিচালনা করছি।










