চলতি বিশ্বকাপে এরই মধ্যে ঘটেছে একাধিক অঘটন। বর্তমান চ্যাম্পিয়নদের হারিয়েছে আফগানিস্তান। অস্ট্রেলিয়াকে কখনই পাঁচবারের চ্যাম্পিয়ন মনে হয়নি। উড়তে থাকা দক্ষিণ আফ্রিকাকে মাটিতে নামিয়েছে নেদারল্যান্ডস। যে কয়টি দলকে টুর্নামেন্টের ফেভারিট ধরা হয়েছিল তার মধ্যে শুধু নিউজিল্যান্ড ও ভারত ছাড়া সবাই হেরেছে। হট ফেভারিট রোহিত শর্মার দলটির সামনে আজ বাংলাদেশ। চলতি বিশ্বকাপে টানা চতুর্থ জয়ের খোঁজে নামছে ভারত। আগুনে ফর্মে থাকা স্বাগতিকদের হারানোর কঠিন চ্যালেঞ্জ নিয়ে পুনেতে খেলবে বাংলাদেশ। 

কাজটা কঠিন হলেও সাকিব আল হাসানরা চাইবেন ত্রিনিদাদের স্মৃতি ফেরাতে। ২০০৭ সালের বিশ্বকাপে ত্রিনিদাদের পোর্ট অব স্পেনে অনুষ্ঠিত ম্যাচে তরুণ মাশরাফি বিন মর্তুজার বীরত্বে ভারতকে হারিয়ে চমক সৃষ্টি করে টাইগাররা। ওই ম্যাচে যারা খেলে তাদের মধ্যে শুধু সাকিব ও মুশফিকুর রহিম এখনো টিকে আছেন বাংলাদেশ দলে। এরপর বিশ্বকাপে টানা তিন ম্যাচে হেরেছে বাংলাদেশ। বিশ্বকাপে ভারতের বিপক্ষে হারের বৃত্ত ভাঙতে চাইবেন সাকিব-মুশফিকরা। 

ওয়ানডে লড়াইয়ে এগিয়ে ভারত। ৪০ বারের দেখায় বাংলাদেশের জয় মাত্র ৮টি, পরাজয় ৩১টি। টি২০-তে ১২ পরাজয়ের বিপরীতে এসেছে মাত্র একটি জয়। টেস্টেও ভারতের আধিপত্য। ১৩ ম্যাচ খেলে ১১টি জিতেছে ভারত, বাংলাদেশের ঝুলিতে জয় মাত্র দুটি। 

অবশ্য সাম্প্রতিক মুখোমুখি লড়াইয়ে এগিয়ে বাংলাদেশ। সর্বশেষ চারটি ওয়ানডের মধ্যে তিনটিতেই জিতেছে তারা। গত বছর ডিসেম্বরে ঘরের মাঠে হোম সিরিজে ভারতকে ২-১ ব্যবধানে হারিয়ে দেয় টাইগাররা। সর্বশেষ দেখা গত মাসে এশিয়া কাপে। কলম্বোর সেই লড়াইয়ে ভারতকে ৬ রানে হারিয়ে দেয় সাকিব বাহিনী। 

এশিয়া কাপের ওই জয়টি আজ পুনেতে আত্মবিশ্বাস জোগাবে বাংলাদেশ দলকে। যদিও ভারতকে ভারতের মাটিতে হারানোর কাজটা মোটেও সহজ নয়। স্বাগতিকরা এ মুহূর্তে উড়ছে। অস্ট্রেলিয়া, পাকিস্তান ও আফগানিস্তানের বিপক্ষে খানিকটা পরীক্ষার মুখে পড়লেও শেষ পর্যন্ত বড় জয়ই তুলে নেয় রোহিত শর্মার দল। অজিদের বিপক্ষে ২ রানে ৩ উইকেট পতন, পাকিস্তানের বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের লড়াকু পার্টনারশিপ কিংবা আফগানদের ২৭৩ রানের টার্গেট, এর কোনো বাধাই শেষ পর্যন্ত ভারতের সামনে টিকে থাকতে পারেনি। 

ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুই হারের পর বাংলাদেশের জন্য আজকের ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের সামনে।

চলতি বিশ্বকাপে ঘটছে একের পর এক অঘটন। এটা থেকেই ভারত বধের প্রেরণা নিতে চান বাংলাদেশের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। গতকাল সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা সবাই এখন থেকে প্রতিটি ম্যাচ জয়ের জন্য অনুপ্রাণিত। কারণ গত সপ্তাহে যা ঘটেছিল, তাতে মনে হচ্ছে বিশ্বকাপ সত্যিই শুরু হয়েছে। আমরা সবাই এতে অনুপ্রাণিত। আমাদের ছয়টি ম্যাচ বাকি আছে। আমরা এখনো মনে করি এ ম্যাচগুলো জিততে পারব। এটাই আমাদের জন্য হতে পারে আগামীকালের (আজ) প্রেরণা। ম্যাচের ফলাফলের ওপর আমার সামান্য নিয়ন্ত্রণ নেই। আমরা যদি আমাদের সামর্থ্য অনুযায়ী খেলি, আমি মনে করি যেকোনো দলকে হারাতে পারব।’

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে বাঁ পায়ের পেশিতে টান পড়ে সাকিবের। ভারতের বিপক্ষে খেলা নিয়ে ছিল অনিশ্চয়তা। তবে সাকিবের খেলা না খেলা নিয়ে ভাবছে না ভারত। গতকাল ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ভারতের বোলিং কোচ পরশ মামব্রেকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘সাকিবকে নিয়ে আমাদের কোনো কথা হয়নি। সে অবশ্যই ভালো খেলোয়াড়, বাংলাদেশের জন্য অনেক কিছু করেছে। সাকিব একজন চ্যাম্পিয়ন খেলোয়াড়, ভালো ব্যাটার ও বোলার। কিন্তু আমাদের জন্য এটা কোনো ব্যাপার না, আমরা কী করতে পারি এটাই সবচেয়ে বড় বিষয়। সাকিব আমাদের বিপক্ষে খেলল কি খেলল না সেটা নিয়ে আমাদের মাথাব্যথা নেই।’