বেঙ্গালুরুতে গতকাল শ্রীলংকাকে ১৭১ রানে অলআউট করে ১৬০ বল ও ৫ উইকেট হাতে রেখে সহজ জয় তুলে নিল নিউজিল্যান্ড। এ জয়ে চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে এক পা দিয়ে রাখল কিউইরা।

কঠিন সময় পার করে জয়ে ফিরল নিউজিল্যান্ড। টানা চার জয়ের পর তারা হেরেছিল টানা চার ম্যাচ। এবার পঞ্চম জয়ে সেমির পথে তারা। ৮ ম্যাচ থেকে ১০ পয়েন্ট সংগ্রহ করে টেবিলের চতুর্থ স্থান সংহত করল কেন উইলিয়ামসনের দল। পাকিস্তান ও আফগানিস্তানের সমান ৮ পয়েন্ট। 

১৬০ বল হাতে রেখে জয় পাওয়ায় নিউজিল্যান্ডের নিট রান রেট ০.৩৯৮ থেকে এক লাফে হয়েছে ০.৭৪৩। তাদের টপকানো পাকিস্তান (+০.০৩৬) ও আফগানিস্তানের (-০.৩৩৮) জন্য অসম্ভবই। যেমন শনিবার ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানকে জিততে হবে ন্যূনতম ২৮৭ রানে কিংবা ইংল্যান্ড আগে ব্যাট করে ১৫০ রান তুললে পাকিস্তানকে তা করতে হবে ৩.৪ ওভারের মধ্যে! তার মানে, পাকিস্তানের বিদায় এখন সময়ের ব্যাপার মাত্র। আর আফগানিস্তানের জন্য তো কাজটি আরো কঠিন। আজ আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৩৮ রানের ব্যবধানে জিতলেই কেবল নিট রান রেটে তারা টপকে যাবে নিউজিল্যান্ডকে!

আনুষ্ঠানিকভাবে না হলেও এটা বলাই যায়, নিউজিল্যান্ড নিরাপদ। সবকিছু ঠিক থাকলে ১৫ নভেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে টেবিলের শীর্ষ দল ভারতের মুখোমুখি হবে তারা। 

গতকাল টস হেরে ব্যাটিং করতে নামা লংকানরা ৭০ রানে ৫ উইকেট হারায়। সেই ক্ষত আর কাটিয়ে উঠতে পারেনি কুশল মেন্ডিসের দল। বোল্ট (৩/৩৭), লোকি ফার্গুসন (২/৩৫), মিচেল স্যান্টনার (২/২২) ও রাচিন রবীন্দ্র (২/২১) নিয়মিত ব্যবধানে উইকেট নেন। শেষ পর্যন্ত খুঁড়িয়ে খুঁড়িয়ে ৪৬.৪ ওভারে ১৭১ রানে অলআউট সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। এ রান হেসেখেলেই তুলে নেয় কিউইরা।

ডেভন কনওয়ে (৪৫) ও রাচিন রবীন্দ্র (৪২) উদ্বোধনী জুটিতে ১৩ ওভারের মধ্যেই ৮৬ রান তুলে দিলে জয় নিয়ে আর ভাবতে হয়নি নিউজিল্যান্ডকে। লংকানরা দুই রানের ব্যবধানে এ দুজনকে সাজঘরে ফেরালেও ড্যারিল মিচেল (৩১ বলে ৪৩) ও গ্লেন ফিলিপসের (১০ বলে ১৭*) ব্যাটে জয় নিশ্চিত করে গতবারের রানার্সআপরা। 

টেবিলের নিচের দিকের চিত্রটা বাংলাদেশের জন্য স্বস্তিদায়ক হয়ে এসেছে। গতকালের হারের পর ৯ নম্বরে থাকা শ্রীলংকার নিট রান রেট (-১.৪১৯) আরো খারাপ হয়েছে। বাংলাদেশের নিট রান রেট (-১.১৪২)। নেদারল্যান্ডস (-১.৬৩৫) নিট রানরেট নিয়ে টেবিলের তলানিতে। আগামীকাল পুনেতে অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে না হারলে ৮ নম্বরে থেকে পরের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনা উজ্জ্বল হবে বাংলাদেশের। আর জিতলে তো কথাই নেই। 

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলংকা: ৪৬.৪ ওভারে ১৭১ (পেরেরা ৫১, থিকসানা ৩৮; বোল্ট ৩/৩৭, রাচিন ২/২১, স্যান্টনার ২/২২, লোকি ফার্গুসন ২/৩৫)। নিউজিল্যান্ড: ২৩.২ ওভারে ১৭২/৫ (কনওয়ে ৪৫, মিচেল ৪৩, রাচিন ৪২; ম্যাথুজ ২/২৯)। ফল: নিউজিল্যান্ড ৫ উইকেটে জয়ী। প্লেয়ার অব দ্য ম্যাচ: ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড)।