বরিশাল বিসিক শিল্প মালিক সমিতির বৈধ কমিটি থাকা সত্ত্বেও একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সরকার দলীয় একপক্ষ ৬ মার্চ অবৈধভাবে এ কমিটি গঠন করে বলে জানা গেছে। বিএনপি-জামায়াত সমর্থিত ও বিসিক শিল্পনগরীতে ব্যবসাপ্রতিষ্ঠান নেই এমন লোকদের ওই কমিটিতে জায়গা দেয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে। ২১ মার্চ কমিটি আত্মপ্রকাশ করলে সমিতির সদস্য ও ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

বিসিক শিল্প মালিক সমিতি সূত্রে জানা যায়, ওই কমিটির আহ্বায়ক করা হয়েছে ওয়ালী মোহাম্মদ খান শাওন নামে একজনকে। তিনি নিজেকে বরিশাল আয়রন অ্যান্ড অ্যালাইড ইন্ডাস্ট্রিজ কোম্পানির মালিক দাবি করলেও সরেজমিনে এমন কোনো প্রতিষ্ঠান বিসিকে নেই। কমিটিতে ১৪ জনকে সদস্য করা হয়েছে। এদের বেশির ভাগেরই বিসিকে ব্যবসাপ্রতিষ্ঠান নেই। তারা প্লট বিক্রি করে দিয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে ওয়ালী মোহাম্মদ খান শাওনকে সরজমিনে না পেয়ে ফোন করা হয়। তিনি ফোন রিসিভ না করায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বরিশাল জেলা সমাজসেবার উপপরিচালক আল মামুন তালুকদার বলেন, বরিশাল বিসিক শিল্প মালিক সমিতির কার্যনির্বাহী পরিষদে মো. মিজানুর রহমানকে সভাপতি ও মো. হাবিবুর রহমান মিলনকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের অনুমোদন দেয় বরিশাল সমাজসেবা অধিদপ্তর। যার মেয়াদকাল ২০১৯ সালের ১৫ নভেম্বর থেকে ২০২১ সালের ১৪ নভেম্বর পর্যন্ত। বাংলাদেশ সমাজসেবা মন্ত্রণালয়ের আইন অনুযায়ী একই প্রতিষ্ঠানের একাধিক কমিটি করার কোনো বিধান নেই। নতুন কমিটি গঠন করতে হলে নির্বাচন অথবা সব সদস্যের মতামতের ভিত্তিতে কমিটি গঠন করতে হবে। তবে অনুমোদিত কমিটির সদস্যরা গঠনতন্ত্রবিরোধী কোনো কার্যকালাপে লিপ্ত হলে জরুরি সভায় সংখ্যাগরিষ্ঠদের মতের ভিত্তিতে কমিটি বিলুপ্ত করা যেতে পারে। এ প্রক্রিয়া ব্যতীত নতুন কোনো আহ্বায়ক বা পূর্ণাঙ্গ কমিটি করার নিয়ম নেই।

কিন্তু এ নিয়মের লঙ্ঘন করে আহ্বায়ক কমিটি করা হয়েছে।

বরিশাল বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি ফরচুন সুজের চেয়ারম্যান মো. মিজানুর রহমান বলেন, সরকার কর্তৃক অনুমোদিত কমিটির মেয়াদ আছে চলতি বছরের ১৪ নভেম্বর পর্যন্ত। ওয়ালী মোহাম্মদ খান শাওনকে আহ্বায়ক করে যে কমিটি গঠন করা হয়েছে তা সম্পূর্ণ বেআইনি। ওই কমিটিতে যাদের নাম আছে, তাদের বেশির ভাগ ব্যবসা বন্ধ করে প্লট বিক্রি করে চলে গেছেন। মেয়াদ থাকা সত্ত্বেও কী কারণে বহিরাগতদের দিয়ে আহ্বায়ক কমিটি করা হয়েছে, তা বোধগম্য নয়।