বাংলাদেশ সরকারের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। আজ সোমবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর দফতরে এক সৌজন্য সাক্ষাতে তিনি এ অভিনন্দন জানান।
সাক্ষাৎকার শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব গ্রহণের জন্য খলিলুর রহমানকে অভিনন্দন। আমাদের দুই দেশকে আরো নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে একসঙ্গে কাজ চালিয়ে যেতে পেরে আমি আনন্দিত।‘

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ। ছবি- পররাষ্ট্র মন্ত্রণালয়
সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ সকাল ১১টা ৩০ মিনিটে রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ করেন। সেখানে তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ করেন।










