যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, তরুণ সমাজ দেশের প্রতিটি সংকট পরিবর্তনের কেন্দ্রবিন্দু। ১৯৫২-এর ভাষা আন্দোলন, ১৯৭১-এর মুক্তিযুদ্ধ ও সর্বশেষ ২০২৪ সালের গণঅভ্যুত্থান প্রতিটি ঐতিহাসিক অধ্যায়ে তরুণরাই ছিলেন অগ্রভাগে।

রোববার (৯ নভেম্বর) বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, বিকেএসপি’তে সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন ‘যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ’ শীর্ষক প্রকল্পের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিলে তরুণরাই প্রথমে ছুটে গেছেন মানুষের পাশে। একটি জাতির সবচেয়ে বড় শক্তি তার তরুণ প্রজন্ম। এ কারণেই সরকার তরুণদের আত্মরক্ষার সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে।

উপদেষ্টা বলেন, দেশের তরুণ-তরুণীরা প্রায়ই নানা ধরনের ঝুঁকি ও সহিংসতার মুখোমুখি হন। বিশেষ করে নারী ও কিশোরীরা অনেক সময় যৌন হয়রানি ও সহিংসতার শিকার হন। আত্মরক্ষার মৌলিক প্রশিক্ষণ তাদের আত্মবিশ্বাস ও নিরাপত্তা উভয়ই বৃদ্ধি করবে। প্রশিক্ষণপ্রাপ্ত তরুণরা দেশের সংকটকালে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে পারবেন।

উল্লেখ্য, এ প্রকল্পের আওতায় বিকেএসপি’র মাধ্যমে সারা দেশের ১৮ থেকে ৩৫ বছর বয়সী ৮ হাজার ৮৫০ জন যুবক ও যুবতীকে ১১৪টি ব্যাচে প্রশিক্ষণ প্রদান করা হবে। তাদের প্রশিক্ষণ দেয়া হবে জুডো, কারাতে, তায়কোয়ানডো ও মৌলিক শ্যুটিং বিষয়ে।

উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিকেএসপি’র মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা, বিকেএসপির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।