রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে সর্বশেষ ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৯টা থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত) ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ছয়জন এবং উপসর্গ নিয়ে আরো আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসের প্রথম দশ দিনেই করোনা ও উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে ১৭১ জন মারা গেছে।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী শনিবার এসব তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, এই দশ দিনে হাসপাতালে করোনা সংক্রমণে মারা গেছেন ৪০ জন। এছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ১১৬ জন এবং বাকিরা করোনা নেগেটিভ হওয়া সত্ত্বেও অন্যান্য শারীরিক জটিলতা নিয়ে মারা গেছেন।
এদিকে সর্বশেষ ২৪ ঘণ্টায় যে ১৪ জন মারা গেছেন এদের মধ্যে সাতজনের বাড়ি রাজশাহী জেলাতে। এছাড়া নাটোরের চারজন এবং বাকিরা পাবনা, জয়পুরহাট এবং চুয়াডাঙ্গা জেলার।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছিলেন তারা। স্বাস্থ্যবিধি মেনে তাদের মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, ৪৫৪ শয্যার করোনা ইউনিটে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি রয়েছেন ৫২২ জন। বর্তমানে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ২০৭ জন। এছাড়া উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ২৪৪।
প্রসঙ্গত, গত বছরের এপ্রিল থেকে এই বছরের জুন পর্যন্ত রামেক হাসপাতালে ভর্তি হয়েছেন ৭ হাজার ১৬১ জন রোগী। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন ৫ হাজার ৯২৭ জন। এই ১৪ মাসে মারা গেছেন ১ হাজার ৭৮ জন। এর মধ্যে করোনায় মৃত্যু হয়েছে ৩৪৬ জনের। এছাড়া উপসর্গ কিংবা অন্যান্য শারীরিক জটিলতায় অন্যদের মৃত্যু হয়েছে।










