টানা দুই হারের পর অবশেষে লড়াইয়ে ফিরল বিশ্বকাপের চিরবড় দল, রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। লক্ষ্ণৌতে গতকাল লো-স্কোরিং ম্যাচে শ্রীলংকাকে ৫ উইকেটে হারিয়েছে অজিরা। অন্যদিকে, টানা তিন হারে বিপর্যস্ত সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলংকা।
টস জিতে ব্যাটিং নেয়া শ্রীলংকার ওপেনাররা দুর্দান্ত সূচনা করেন। একটি পর্যায়ে শ্রীলংকার সংগ্রহ ছিল ২৬.১ ওভারে ১৫৭/১। এরপর অজিদের দুর্দান্ত বোলিংয়ে ৫১ রানের মধ্যে বাকি ৯ উইকেট হারিয়ে ২০৯ রানে গুটিয়ে যায় সিংহলিজরা। রান তাড়া করতে নেমে ২৪ রানে দুই উইকেট হারিয়ে খানিকটা পরীক্ষার মুখে পড়লেও শেষ পর্যন্ত ৮৮ বল বাকি থাকতে ৫ উইকেটের জয় তুলে নেয় অজিরা।
ওপেনিংয়ে নামা হার্ডহিটার মিচেল মার্শ ৫১ বলে ৯ বাউন্ডারিতে ৫২ রান করলে ভিতটা পেয়ে যায় অজিরা। এরপর জস ইংলিশ ৫৯ বলে ৫৮ ও মার্নুস লাবুশেন ৬০ বলে ৪০, গ্লেন ম্যাক্সওয়েল ২১ বলে ৩১ ও মার্কাস স্টয়নিস ১০ বলে ২০ রানের হার না মানা ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে প্রথম জয় এনে দেন। শ্রীলংকাকে অল্প রানে আটকে দিতে ভূমিকা রাখা স্পিনার অ্যাডাম জাম্পা ৪ উইকেট শিকার করে ম্যাচসেরা হন।
দাসুন শানাকা চোটে পড়ে বিশ্বকাপ থেকে ছিটকে যান। তার জায়গায় গুরুত্বপূর্ণ এ ম্যাচে সিংহলিজদের নেতৃত্ব দেন ব্যাটার ও উইকেটকিপার কুশল মেন্ডিস। শ্রীলংকা দলে আসে দুটি পরিবর্তন। শানাকার জায়গায় খেলেন চামিকা করুণারত্নে আর পেস বোলার মাথিসা পাথিরানার জায়গায় সুযোগ পান লাহিরু কুমারা। অস্ট্রেলিয়া অপরিবর্তিত একাদশ নিয়ে খেলেছে বাঁচা-মরার ম্যাচে।
দুই দলই দুটি করে ম্যাচ হারায় গতকাল জিততে মরিয়া ছিল। বাঁচা-মরার এ ম্যাচে ওপেনিং জুটিতে ১২৫ রান তুলে শ্রীলংকাকে দুর্দান্ত সূচনা এনে দেন পাথুম নিশাঙ্কা ও কুশল পেরেরা। ২২তম ওভারে ব্যক্তিগত ৬১ রানে প্যাট কামিন্সের শিকার হন নিশাঙ্কা। এরপর অধিনায়ক কুশল মেন্ডিসকে নিয়ে ৩২ রানের জুটি গড়ে সাজঘরের পথ ধরেন ৩৩ বছর বয়সী কুশল পেরেরা। তিনি ৮২ বলে ৭৮ রান করেন ১২টি বাউন্ডারির সাহায্যে। দুই ওপেনারের বিদায়ের পর আকস্মিক বিপর্যয় শুরু সিংহলিজদের। ১৫৭/১ থেকে দেখতে না দেখতেই শ্রীলংকার স্কোরটা রূপ নেয় ৪৩.৩ ওভারে ২০৯/১০!
কুশল পেরেরা ও পাথুম নিশাঙ্কা ছাড়া শুধু চারিথ আসালঙ্কাই দুই অঙ্ক ছুঁতে পেরেছেন। সতীর্থদের আসা-যাওয়ার মধ্যে অসহায় এ ব্যাটার ৩৯ বলে ২৫ রান করেন।
লংকানদের সবচেয়ে বড় ক্ষতিটা করেন লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। তিনি ৮ ওভারে ৪৭ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট। এছাড়া গতি বোলার প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক দুটি করে উইকেট নেন। গ্লেন ম্যাক্সওয়েল হাত ঘুরিয়ে ৯.৩ ওভারে মাত্র ৩৬ রানের খরচায় নেন একটি উইকেট।
গতকাল বৃষ্টি হানা দিয়েছিল লক্ষ্ণৌতে। ৩২.১ ওভার ও ১৭৮/৪ স্কোরের সময় বৃষ্টিতে খেলা বেশকিছু সময় বন্ধ ছিল। পুনরায় খেলা শুরুর পর দ্বিতীয় বলেই স্টার্কের গতিতে পরাস্ত হয়ে বোল্ড হন ধনাঞ্জয়া ডি সিলভা। এরপর ১১.২ ওভারের মধ্যে বাকি উইকেটগুলো হারিয়ে ফলে সিংহলিজরা। ওয়ানডে বিশ্বকাপে ১২ বারের মুখোমুখিতে এটা অজিদের নবম জয়, শ্রীলংকা মাত্র দুটি জিতেছে।
দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের কাছে টানা হারের পর ছিয়ানব্বইয়ের বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলংকা এবার হার মানল অস্ট্রেলিয়ার কাছে। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াও প্রথম দুই ম্যাচে ভারত ও দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে। এবার শ্রীলংকাকে বিধ্বস্ত করে দিয়ে তারা প্রথম পয়েন্ট তুলে নিল।
এ জয়ের পর দুই পয়েন্ট নিয়ে টেবিলের তলানি থেকে আট নম্বরে উঠে এসেছে অস্ট্রেলিয়া। শ্রীলংকা তিন ম্যাচেই হেরে টেবিলের নবম, আর নেদারল্যান্ডস দুই হারে দশম স্থানে রয়েছে। প্রথম থেকে সপ্তম স্থানে যথাক্রমে ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, ইংল্যান্ড, আফগানিস্তান ও বাংলাদেশ।
শুক্রবার বেঙ্গালুরুতে পাকিস্তানের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। গতকাল জয় শেষে ম্যাচসেরা জাম্পা বলেন, ‘বেঙ্গালুরুতে পাকিস্তানের বিপক্ষে বড় একটি ম্যাচ সামনে আমাদের। এটি সত্যিই কঠিন হতে চলেছে।’ শনিবার লক্ষ্ণৌতে নেদারল্যান্ডসের বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচ খেলবে শ্রীলংকা।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলংকা: ৪৩.৩ ওভারে ২০৯/১০ (পেরেরা ৭৮, নিশাঙ্কা ৬১; জাম্পা ৪/৪৭, কামিন্স ২/৩২, স্টার্ক ২/৪৩)। অস্ট্রেলিয়া: ৩৫.২ ওভারে ২১৫/৫ (ইংলিশ ৫৮, মার্শ ৫২, লাবুশেন ৪০, ম্যাক্সওয়েল ৩১*, স্টয়নিস ২০*; মাদুশঙ্কা ৩/৩৮, দুনিত ১/৫৩)। ফল: অস্ট্রেলিয়া ৫ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া)।










