বগুড়ার ধুনট উপজেলায় পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে সিয়াম (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার রাতে ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের উলুরচাপড় গ্রামে এ ঘটনা ঘটে। সিয়াম তালুকদার ওই গ্রামের দুলাল তালুকদারের ছেলে ও স্থানীয় ছাতিয়ানি রোকেয়া ওবেদুল হক উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় সিয়াম তার বাড়িসংলগ্ন মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলা শেষে রাস্তার পাশে বসে ছিল। এ সময় পল্লী বিদ্যুৎ সঞ্চালনের তার হঠাৎ ছিঁড়ে গিয়ে শরীরের ওপর পড়ে। এতে সে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে আহত হয়। পরে তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।

বগুড়ার ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।