চট্টগ্রাম অঞ্চলে ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন কার্যক্রম সফলভাবে সম্পন্নের মধ্য দিয়ে দেশব্যাপী নেটওয়ার্কের ব্যাপক আধুনিকায়ন কার্যক্রমের সফল সমাপ্তি ঘোষণা করেছে রবি আজিয়াটা। রোববার (৪ অক্টোবর) চট্টগ্রামের র‍্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউয়ে অনুষ্ঠিত ‘চট্টগ্রামে রবির ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন উদযাপন’ অনুষ্ঠানে এ ঘোষণা দেয়া হয়।

বৃহৎ পরিসরের এ নেটওয়ার্ক আধুনিকায়ন কার্যক্রমের শেষ ধাপে চট্টগ্রাম, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল অন্তর্ভুক্ত ছিল। এ উদ্যোগের মাধ্যমে দেশজুড়ে আরো শক্তিশালী, নির্ভরযোগ্য এবং ভবিষ্যৎ উপযোগী ‘গিগা গ্রিন’ ৪জি ও ৫জি-প্রস্তুত নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্য অর্জন করেছে রবি।

রবির নেটওয়ার্ক আধুনিকায়ন কর্মসূচির আওতায় মাত্র ১৮০ দিনের মধ্যে চট্টগ্রাম, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের ৩ হাজার ৫০০টিরও বেশি সাইট আধুনিকায়ন করা হয়েছে। এ সময়ে গ্রাহকদের সেবায় প্রায় কোনো ধরনের বিঘ্ন ঘটেনি।

এ আধুনিকায়নের ফলে গ্রাহকদের ৪জি অভিজ্ঞতা গড়ে ২০ শতাংশ পর্যন্ত উন্নত হয়েছে। পাশাপাশি আরো ১০ শতাংশ মানুষ উন্নত ইনডোর ৪জি কাভারেজের আওতায় এসেছেন। আধুনিক এমআইএমও (মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট) প্রযুক্তি ব্যবহারের ফলে সিগন্যালের মান ও কাভারেজ আরো শক্তিশালী হয়েছে, যা গ্রাহকদের আরও নিরবচ্ছিন্ন ও উন্নত সংযোগ অভিজ্ঞতা নিশ্চিত করছে।

নতুন নেটওয়ার্ক অবকাঠামোর ফলে বিদ্যুৎ ব্যবহারের পরিমাণও সর্বোচ্চ ১২ শতাংশ পর্যন্ত কমেছে। এর ফলে কার্বন নিঃসরণ হ্রাস এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে রবির প্রচেষ্টা আরো শক্তিশালী হয়েছে।

অনুষ্ঠানে চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, চট্টগ্রাম দেশের বাণিজ্যিক প্রবেশদ্বার। এই অঞ্চলে আধুনিক ডিজিটাল অবকাঠামো নিশ্চিত করা বাণিজ্য, শিল্পায়ন এবং স্মার্ট সিটি ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা রাখবে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী বলেন, স্বল্প সময়ে এত বড় পরিসরে নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করা নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য প্রকৌশলগত অর্জন। সংযোগ ব্যবস্থার উন্নয়নে রবির এই বিনিয়োগ বাংলাদেশের টেলিযোগাযোগ খাতকে আরও শক্তিশালী করবে।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, ডিজিটাল অর্থনীতির বিকাশে আধুনিক ও নির্ভরযোগ্য টেলিযোগাযোগ অবকাঠামো অত্যন্ত গুরুত্বপূর্ণ। চট্টগ্রাম অঞ্চলে এই নেটওয়ার্ক আধুনিকায়ন কার্যক্রম শুধু গ্রাহকসেবার মান উন্নত করবে না, বরং এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড ও ডিজিটাল রূপান্তরকে আরও গতিশীল করবে।

রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা বলেন, চট্টগ্রাম অঞ্চলে নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্নের মধ্য দিয়ে আমরা দেশব্যাপী নেটওয়ার্ক রূপান্তর কার্যক্রম সফলভাবে শেষ করেছি। এটি শুধু একটি প্রযুক্তিগত অর্জন নয়, বরং বাংলাদেশের গ্রাহকদের জন্য সর্বোচ্চ মানের ডিজিটাল অভিজ্ঞতা নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

তিনি আরো বলেন, সম্প্রতি বৃহত্তর ঢাকায় ৪ হাজার ৮০০টিরও বেশি সাইট সফলভাবে আধুনিকায়নের পর চট্টগ্রাম অঞ্চলে এ অর্জন আমাদের নেটওয়ার্ক উৎকর্ষতার যাত্রাকে আরো এক ধাপ এগিয়ে নিয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি বৃহত্তর ঢাকার ৪ হাজার ৮০০টিরও বেশি সাইট আধুনিকায়নের মাধ্যমে রবির ইতিহাসের সবচেয়ে বড় ও দ্রুততম নেটওয়ার্ক রূপান্তর প্রকল্প সম্পন্ন হয়েছে।

ওই উদ্যোগের ফলে বিভিন্ন ক্লাস্টারে গ্রাহক অভিজ্ঞতায় সর্বোচ্চ ১২৫ শতাংশ পর্যন্ত উন্নতি হয়েছে, কল ড্রপের হার ২০ শতাংশ কমেছে এবং প্রায় অর্ধেক গ্রাহকের ইনডোর নেটওয়ার্ক অভিজ্ঞতা সর্বোচ্চ তিন গুণ পর্যন্ত উন্নত হয়েছে।

দেশব্যাপী নেটওয়ার্ক আধুনিকায়ন কার্যক্রমের সফল সমাপ্তি বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ নির্মাণে রবির অঙ্গীকারকে আরো সুদৃঢ় করেছে।