‘প্রযুক্তি আমাদের অসাধারণ ক্ষমতা এনে দিয়েছে। এর বহুমুখী ব্যবহার সীমান্তের দেয়াল ভেঙে দিয়েছে, তরুণদের বিশ্বব্যাপী নেটওয়ার্কিংয়ের সুযোগ তৈরি করেছে। কিন্তু দেশে এখনো গভীর প্রযুক্তিগত বিভাজন রয়ে গেছে,’ বলেছেন সাউথ এশিয়ান রিজিওনাল ইয়ুথ নেটওয়ার্কের (এসএআরআইএন) প্রতিনিধি সাবিক রহমান।

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত ‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন। বণিক বার্তার উদ্যোগে এবং পাবলিক সার্ভিস ট্রেনিং সেন্টার (পিএসটিসি)-এর সহায়তায় আয়োজিত এই বৈঠকটি রোববার (১০ আগস্ট) রাজধানীতে বণিক বার্তার কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

এসএআরআইএন-এর প্রতিনিধি সাবিক রহমান আরো বলেন, শহর-গ্রাম, ধনী-গরীব এবং নারী-পুরুষের ভিত্তিতে প্রযুক্তি ব্যবহারে বৈষম্য বিদ্যমান রয়েছে। এখনো অনেক তরুণ ইন্টারনেট সুবিধা থেকে বঞ্চিত। ইন্টারনেটে সবার প্রবেশাধিকার একটি মৌলিক অধিকার হওয়া উচিত। এই সুযোগ থেকে কেউ বঞ্চিত হলে ভবিষ্যৎ হবে অসম্পূর্ণ এবং বৈষম্য বাড়বে।