কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ পাওয়া গেলে তদন্ত প্রতিবেদন সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। আজ রোববার নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

চিফ প্রসিকিউটর বলেন, একটি রাজনৈতিক (দলের) সংগঠনের প্রধান একটি লিখিত অভিযোগ করেছিলেন। সেটি আমরা যথাযথভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের তদন্ত সংস্থায় পাঠিয়েছি। তারা এখন সেটা তদন্ত করছে। তদন্তে যদি সংগঠন (দল) হিসেবে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ পাওয়া যায় সেক্ষেত্রে তদন্ত প্রতিবেদন সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সুযোগ আছে।

আরেক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে অনেকগুলো মামলা বিচারাধীন। অনেকগুলো মামলায় তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের অপেক্ষায় আছে। বিশেষ করে শাপলা চত্বরসহ অনেক মামলায় তিনি বিচারের সম্মুখীন হতে পারেন। আরেকটা মামলায় তার শাস্তি হয়েছে। তার উচিৎ দেশে ফিরে বিচার মোকাবেলা করা।